আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৭৩
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমতাবস্থায় জনৈক ব্যক্তি ডিমের পরিমাণ এক খন্ড স্বর্ণ নিয়ে তার নিকট উপস্থিত হয়। সে বলে ইয়া রাসূলাল্লাহ! আমি এই স্বর্ণ খনিতে প্রাপ্ত হয়েছি। আপনি তা দানস্বরূপ গ্রহন করুন। এছাড়া আমার আর কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তার দিক হতে মুখ ফিরিয়ে নেন। অতঃপর সে তার ডান দিক হতে এসে একইরূপ বলে এবং তিনি এবারও তার দিক হতে মুখ ফিরিয়ে নেন। অতঃপর সে তার বাম দিক হতে এলে এবারও তিনি তার মুখ ফিরিয়ে নেন। অতঃপর সে তার পশ্চাত দিকে হতে আগমন করলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তা কবুল করে পুনরায় তার দিকে জোরে নিক্ষেপ করেন। যদি তা তার গায়ে লাগত তবে অবশ্যই সে আঘাত পেত অথবা আহত হত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ তার মালিকানার সমস্ত মাল নিয়ে এসে বলে এটা সদ্কা স্বরূপ। অতঃপর সে মানুষের নিকট সাহায্যের জন্য স্বীয় হাত প্রসারিত করে। উত্তম সাদ্কাহ্ তাই, যা প্রয়োজনাতিরিক্ত মাল হতে দেওয়া হয়।