আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭১৬
আলী ইব্ন আবু তালিব (রাঃ) ফাতিমা (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে হাসান ও হুসায়েন (রাঃ)-কে ক্রন্দনরত দেখতে পান। তিনি তাদের কান্নার কারণ জিজ্ঞাসা করেন। ফাতিমা (রাঃ) বলেন, তারা ক্ষুধায় অস্থির হয়ে কাঁদছে। আলী (রাঃ) ঘর হতে বের হয়ে যান এবং বাজারে একটি দীনার পতিতাবস্থায় পান। তিনি তা ফাতিমা (রাঃ) এর নিকট নিয়ে আসেন এবং তাকে এ সম্পর্কে অবহিত করেন। তিনি (ফাতিমা) বলেন, এটা নিয়ে আপনি অমুক ইয়াহূদীর নিকট যান এবং আমাদের জন্য কিছু আটা খরিদ করে আনুন। অতঃপর তিনি (আলী) উক্ত ইয়াহূদীর নিকট গিয়ে তা দিয়ে আটা খরিদ করেন। ঐ ইয়াহূদী বলেঃ আপনি তো ঐ ব্যক্তির জামাতা, যিনি বলেন যে, “তিনি আল্লাহর রাসূল” আলী (রাঃ) বলেনঃ হ্যাঁ। তখন ইয়াহূদী বলে, আপনি আপনার দীনার ফেরত নেন আর এই আটাও (বিনা মূল্যে) নিয়ে যান। অতঃপর আলী (রাঃ) তা নিয়ে ফাতিমা (রাঃ) এর নিকট ফিরে এসে তাকে বিষয়টি অবহিত করেন। ফাতিমা (রাঃ) আলী (রাঃ)-কে বলেন, আপনি এখন অমুক কসাইয়ের নিকট যান এবং আমাদের জন্য এক দিরহাম মূল্যের গোশত খরিদ করে আনুন। তখন তিনি গমন করেন এবং দীনারটি বন্ধক রেখে এক দিরহাম মুল্যের গোশত খরিদ করেন। অতঃপর তিনি তা নিয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। ফাতিমা (রাঃ) আটার রুটি তৈরী করেন এবং গোশত পাকানোর জন্য চুলার উপর হাড়ি বসান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেন। তিনি তাদের নিকট আগমন করেন। ফাতিমা বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! এখন আমি আপনার নিকট দীনারের ঘটনা ব্যক্ত করব। যদি আপনি তা আমাদের জন্য হালাল মনে করেন, তবে আমরা তা ভোগ করব এবং আমাদের সাথে আপনিও তা খাবেন। আর ব্যাপার এইরূপ। সবকিছু শ্রবণের পর তিনি বললেনঃ তোমরা সকলে তা “বিস্মিল্লাহ্” বলে ভক্ষণ কর। তারা সকলে তা আহার করছিলেন, এমন সময় এক যুবক আল্লাহ্ ও ইসলামের নামে শপথ উচ্চারণ পূর্বক দীনারের অন্বেষণ করছিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে ডাকার নির্দেশ দেন এবং তাকে ঐ দীনার সম্পর্কে জিজ্ঞাসা করেন। সে বলে, তা আমার নিকট হতে বাজারে হারিয়ে গিয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন, হে আলী! তুমি ঐ কসাইয়ের নিকট যাও এবং তাকে বল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আপনাকে দীনারটি আমার নিকট ফেরত দিতে বলেছেন এবং আপনার আপনার দিরহাম তিনি দেবেন। কসাই ঐ দীনারটি ফেরত দেয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তা ঐ যুবককে ফেরত দেন।