আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৬৪
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর হতে প্রত্যাবর্তন করতেন, তখন তিনি প্রথমে মসজিদে গিয়ে সেখানে দু’রাকা’আত সালাত আদায় করতেন। পরে তিনি লোকদের মাঝে উপবেশন করতেন। অবশেষে রাবী ইবনুস সারহা পূর্ণ হাদীছটি বর্ণনা করেন। রাবী [কা’ব (রাঃ)] বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলিমকে আমাদের তিন ব্যক্তির সঙ্গে কথা বলতে নিষেধ করে দেন। (কেননা কা’ব, হিলাল ইবন উমাইয়্যা এবং মারারা ইবন রাবী’ এই তিনজন সাহাবী কোন কারণ ছাড়াই তাবুকের যুদ্ধে যাননি; অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সক্ষম ব্যক্তিদের এ যুদ্ধে শরীক হওয়ার নির্দেশ দেন।)। এমতাবস্থায় যখন দীর্ঘদিন অতিবাহিত হলো, তখন আমি আবূ কাতাদা এর বাগানে দেওয়াল টপকিয়ে তার ভেতরে গেলাম এবং তিনি ছিলেন আমার চাচাত ভাই। আমি তাকে সালাম করলাম। কিন্তু আল্লাহর শপথ! তিনি আমার সালামের জবাব দিলেন না। এভাবে পঞ্চাশ দিন অতিবাহিত হওয়ার পর একদিন সকালে আমি আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে সালাত আদায় করছিলাম। তখন আমি একজন আহবানকারীর এরূপ আওয়ায শুনতে পাই যে, ’’হে কা’ব ইবন মালিক! তোমার জন্য সুসংবাদ। পরে যখন সে ব্যক্তি আমার নিকটবর্তী হয়, যার সুসংবাদদাতা আমি শুনেছিলাম, তখন আমি আমার গায়ের দু’খানি কাপড় তাকে দিয়ে দিলাম এবং সে দু’খানি তাকে পরিয়ে দিলাম। অতঃপর আমি মসজিদে হাযির হয়ে দেখতে পাই যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে আছেন। তখন আমাকে দেখে তালহা ইবন উবায়দুল্লাহ্ দৌড়ে আমার কাছে আসেন এবং আমার সাথে মুসফাহা করে আমাকে মুবারকবাদ জানান।