আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮১২
তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলি, ইয়া রাসূলাল্লাহ! আমরা আগামীকাল আমাদের শত্রুদের সাথে মুকাবিলা করব। কিন্তু আমাদের সংগে কোন ছুরি নেই। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দেখ অথবা জলদি কর যাতে রক্ত প্রবাহিত হয় এবং যে পশু যবাহর সময় তার উপর আল্লাহ নাম উচ্চারিত হয়, সেটি ভক্ষণ কর, সে যবাহর হাতিয়ার যেন নখ ও দাঁত না হয়। আমি এর কারণ তোমাদের কাছে বর্ণনা করছি। কেননা, দাঁত সে তো একটি হাড় এবং নখ হলো হাবশীদের ছুরি। অতঃপর সেনাবহিনীর কিছু লোক ত্বরিত (আক্রমনের জন্য) অগ্রসর হয় এবং গনীমতের মাল লুটে নেয়। এ সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের (বাহিনীর) শেষাংশে অবস্থান করছিলেন। লোকেরা রন্ধনের জন্য ডেগ চাপিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ ডেগের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তাঁর নির্দেশে ঐ ডেগগুলি উল্টিয়ে দেওয়া হয় এবং গণীমতের মাল তাদের মাঝে বণ্টন করে দেন। একটি উটকে দশটি বকরীর সমান হিসাবে মূল্যায়ন করা হয়। সে সময় কোন এক ব্যক্তির একটি উট পালিয়ে যায় কিন্তু তাদের কাছে কোন ঘোড়া না থাকায় (যাতে সওয়ার হয়ে উটকে ধরতে পারে) তাদের মধ্যকার জনৈক ব্যক্তি উটটির প্রতি তার তীর নিক্ষেপ করে; যাতে আল্লাহ্ উটটিকে থামিয়ে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এই চতুষ্পদ জন্তুর মাঝে এমন পলায়নপর পশুও আছে, যেমন জংলী পশুদের মাঝেও আছে। কাজেই এই পশুদের মধ্য হতে যে এরূপ পলায়ন করবে, তোমরা সেটির সাথে এরূপ আচরণ করবে।