আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৮৪
তিনি বলেনঃ জনৈক মৃত ব্যক্তির দাদী আবূ বকর সিদ্দীক (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে তার মীরাছ (প্রাপ্য অংশ) দাবি করে। তখন তিনি বলেনঃ আল্লাহর কিতাবে তোমার কোন অংশের কথা উল্লেখ করেননি এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত হতে তোমার ব্যাপারে কোন কিছু অবহিত নই। অতএব এখন তুমি ফিরে যাও, এ সম্পর্কে আমি লোকদের কাছে জিজ্ঞাসা করব। তখন মুগীরা ইবন শু’বা (রাঃ) বলেনঃ আমি তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম, যখন তিনি দাদীকে এক-ষষ্ঠমাংশ প্রদান করেন। তখন আবূ বকর (রাঃ) জিজ্ঞাসা করেনঃ এ সময় তোমার সঙ্গে আর কেউ ছিল কি? তখন মুহাম্মদ ইবন মাসলামা (রাঃ) দন্ডায়মান হন এবং ঐরূপ বলেন, যেরূপ মুগীরা ইবন শু’বা (রাঃ) বলেন। তখন আবু বকর (রাঃ) তার জন্য এক-ষষ্ঠমাংশ প্রদান করেন। অতঃপর অন্য এক মৃত ব্যক্তির দাদী (বা নানী) ’উমার ইবন খাত্তাব (রাঃ) এর নিকট (তাঁর খিলাফতকালে) উপস্থিত হয়ে মীরাছ দাবি করে। তখন তিনি বলেনঃ আল্লাহর কিতাবে তো তোমার কোন অংশের কথা উল্লেখ নেই, তবে ইতপূর্বে তুমি ব্যতীত অন্যদের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে , আর যেহেতু ফারাইযের ব্যাপারে আমার পক্ষে বাড়াবাড়ি করাও সম্ভব নয়, কাজেই ঐ এক-ষষ্ঠমাংশ তুমি নিয়ে যাও। আর যদি নানী ও দাদী উভয়ই একত্রে জীবিত থাকে, তবে ঐ এক-ষষ্ঠমাংশ তোমাদের দুজনের জন্য। আর তোমাদের একজন যদি হও, তবে সে ঐ অংশ পাবে।