আবু দাউদ শরীফ - হাদীস নং ৩০১
আল-কানবী ....... আল-কাকা এবং যায়েদ ইবনু আসলাম (রহঃ) উভয়ই সুমায়্যিকে সাঈদ ইবনুল মূসায়্যাবের নিকট ইস্তেহাযাগ্রস্ত মহিলাদের গোসলের ব্যাপারে জিজ্ঞাসা করতে প্রেরণ করেন। জবাবে তিনি বলেন, তাকে দৈনিক এক যুহর থেকে পরবর্তী যুহর পর্যন্ত একবার গোসল করতে হবে (অর্থাৎ প্রত্যহ দুপুরের সময়)। তাকে প্রত্যেক নামাযের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতে হবে। ইস্তেহাযার সময় অধিক রক্তস্রাব হলে স্ত্রী অংগ নেকড়া দ্বারা মজবুত করে বেঁধে নিতে হবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু উমার (রাঃ) এবং আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, ইস্তেহাযাগ্রস্ত মহিলাদের প্রত্যহ দুপুরের সময় এক যুহর থেকে পরবর্তী যুহর পর্যন্ত একবার গোসল করতে হবে। আয়িশা (রাঃ) হতেও অন্য সূত্রে অনুরূপ বর্ণিত আছে। তবে সেই বর্ণনায় “প্রত্যহ” শব্দটির উল্লেখ দেখা যায়। রাবী মালিক বলেন, ইবনুল মূসায়্যাবের হাদীছে আমার ধারণা মতেظُهْرٍ إِلَى ظُهْرٍ এর পরিবর্তেطُهْرٍ إِلَى طُهْرٍ বাক্যটি হবে। আব্দুর রহমান ইবনু ইয়ারবু এর বর্ণনায়طُهْرٍ إِلَى طُهْرٍ বর্ণিত হয়েছে। অতঃপর লোকেরা তাতেظُهْرٍ إِلَى ظُهْرٍ পরিবর্তন করেছে।