আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৬৮
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সংগে তাবুকের যুদ্ধে গমন করেছিলাম। যখন তিনি ’ওয়াদিয়ে কুরা’ নামক স্থানে পৌছান, তখন তিনি একজন মহিলাকে দেখতে পান, যে তার বাগানে বসা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বলেনঃ এ বাগানে কত ফল আছে, তা তোমরা অনুমান কর। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ’দশ-ওয়াসাক’ পরিমাণ ফল আছে বলে অনুমান করেন। পরে তিনি সে মহিলাকে বলেনঃ এ বাগানে কত ফল উৎপন্ন হয়, তুমি তার হিসাব রাখবে। অবশেষে আমরা তাবূক পৌছাই। তখন ’ঈলা’ নামক স্থানের নেতা একটা সাদা বর্ণের খচ্চর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাদিয়া হিসাবে প্রদান করেন। আর তিনি তাঁকে একটি চাদর দেন এবং তাকে বাহর এলাকার যমীনের লিখিত বন্দোবস্ত প্রদান করেন। রাবী বলেনঃ ফেরার পথে আমরা ওয়াদিয়ে কুরা’তে যখন পৌছাই, তখন তিনি তাকে (সে মহিলাকে) জিজ্ঞাসা করেনঃ তোমার বাগানে কি পরিমাণ ফল উংপন্ন হয়েছে? সে বলেঃ ’দশ ওয়াসাক’ পরিমাণ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে অনুমাণ করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি দ্রুত মদীনায় ফিরে যেতে চাই। কাজেই তোমাদের যে আমার সঙ্গে দ্রুত চলতে চায়, সে যেন দ্রুত করে।