আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৭১
তিনি বলেনঃ জনৈক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল। পরে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। তখন তার প্রতিবেশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়ে বলেঃ সে ব্যক্তি মারা গেছে। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি কিরূপে এ খবর জানলে? সে বলেঃ আমি তাকে দেখে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে মারা যায়নি। রাবী বলেনঃ তখন সে ব্যক্তি ফিরে যায়। ইত্যবসরে তাঁর জন্য কান্নার রোল শোনা গেলে, সে ব্যক্তি (প্রতিবেশী) আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়ে বললঃ অমুক ব্যক্তি মারা গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ না, সে মারা যায়নি। রাবী বলেনঃ তখন সে ব্যক্তি ফিরে যায়। তখন তার জন্য আবার কান্নার রোল শোনা গেল এবং সে মৃত ব্যক্তির স্ত্রী তাকে বললঃ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে এ খবর দিন। তখন সে ব্যক্তি বললঃ ইয়া আল্লাহ্! আপনি এর উপর লা’নত করুন! রাবী বলেনঃ তখন সে ব্যক্তি মৃত ব্যক্তির কাছে হাযির হয়ে দেখতে পেল যে, সে তীরের ফলা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গিয়ে খবর দিল যেঃ সে ব্যক্তি মারা গেছে। তিনি জিজ্ঞাসা করলেনঃ তুমি কিরূপে এ খবর জানলে? সে বলেঃ আমি দেখে এসেছি যে, সে ব্যক্তি তার নিজের তীরের ফলা দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছে। তিনি বলেনঃ তুমি কি তাকে এরূপই দেখে এসেছ? তখন সে বলেঃ হ্যাঁ। তিনি বলেনঃ তাহলে আমি তার জানাযার নামায পড়ব না।