আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৮৬
তিনি বলেনঃ একদা আমাদের নিকট (ঘরে) কয়েকজন মেহমান আসে। এ সময় আবূ বকর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে রাত্রিতে কথাবার্তা বলছিলেন। তখন তিনি [আবূ বকর (রাঃ)] বলেনঃ আমি ততক্ষণ তোমাদের কাছে ফিরে যাব না, যতক্ষণ না তোমরা মেহমানদের খানাপিনা করানো হতে নিষ্ক্রান্ত না হও। তখন আবদুর রহমান মেহমানদের নিকট ফিরে আসেন এবং তাদের সামনে খাদ্য-বস্তু উপস্থিত করেন। তখন মেহমানরা বলেনঃ আবূ বকর ফিরে না আসা পর্যন্ত খাদ্য গ্রহণ করব না। ইত্যবসরে আবূ বকর (রাঃ) ফিরে আসেন এবং জিজ্ঞাসা করেন, তোমাদের মেহমানরা কি করছেন, তোমরা কি তাদের আহার করিয়েছ? তাঁরা বলেনঃ না। আমি বললামঃ আমি তাদের সামনে খাদ্য-বস্তু উপস্থিত করেছিলাম, কিন্তু তাঁরা তা গ্রহণ করতে অস্বীকার করেছে এবং এরূপ কসম করেছে যে, আল্লাহ্র শপথ! যতক্ষণ না আবূ বকর (রাঃ) ফিরে আসেন, ততক্ষণ আমরা খাদ্য গ্রহণ করব না। তখন তারা বলেনঃ আবদুর রহমান ঠিক কথা বলেছেন। সে আমাদের সামনে খাদ্য দিয়েছিল, কিন্তু আপনি না আসা পর্যন্ত আমরা তা গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করি। আবূ বকর (রাঃ) জিজ্ঞাসা করেনঃ কিসে আপনাদের মানা করেছে? তাঁরা বলেনঃ আপনি গৃহে না থাকায় আমরা আপনার গৃহে খাদ্য গ্রহণ করিনি। তখন আবূ বকর (রাঃ) বলেনঃ আমি আজ রাতে খাদ্য গ্রহণ করব না। রাবী বলেন, তখন তাঁরা (সাহাবীরা) বলেনঃ আল্লাহ্র শপথ! যতক্ষণ না আপনি খাদ্য খাবেন, ততক্ষণ আমরা তা খাব না। রাবী বলেনঃ এরূপ খারাপ রাত আমি আর কখনও দেখিনি। এরপর তিনি [আবূ বকর (রাঃ)] বলেনঃ খানা হাযির কর। তখন তাদের জন্য খাদ্য-বস্তু আনা হলে তিনি ’বিসমিল্লাহ’ বলে খাওয়া শুরু করেন এবং মেহমানরাও খাদ্য-বস্তু ভক্ষণ করেন। রাবী বলেনঃ আমাকে এরূপ খবর দেওয়া হয় যে, আবূ বকর (রাঃ) সকাল বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে ঘটনা বর্ণনা করলে তিনি বলেনঃ তুমি তাদের সকলের চাইতে অধিক নেককার এবং সত্যবাদী।