আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৯৭
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ উবায়দা (রাঃ)-কে আমাদের আমীর নিযুক্ত করে আমাদেরকে কুরায়শদের একটি কাফেলাকে পাঁকড়াও করে আনার জন্য প্রেরণ করেন এবং রাস্তায় খাওয়ার জন্য এক থালি খেজুরও প্রদান করেন। এ খেজুর ছাড়া আমাদের সাথে আর কোন খেজুর না থাকায় আবূ উবায়দা (রাঃ) আমাদের মাত্র একটি করে খেজুর দিতেন, যা আমরা বাচ্চাদের মত চুষতাম এবং তা মুখে রেখে পানি পান করতাম। আর তা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট হতো। এছাড়া আমরা আমাদের লাঠি দিয়ে গাছের পাতা পেড়ে তা পানিতে ভিজিয়ে খেতাম। এ অবস্থায় আমরা যখন সমুদ্রের নিকটবর্তী হই, তখন আমরা উঁচু বালুস্তূপের মত কিছু দেখতে পাই। যখন আমরা এর কাছে পৌছাই, তখন জানতে পারি যে, এটি একটি সমুদ্রের জীব, যাকে ’আনবারা’ বলা হয়। সেটিকে দেখে আবূ উবায়দা (রাঃ) বলেনঃ এতো মৃত জীব, এটি খাওয়া আমাদের জন্য জাইয নয়। এরপর তিনি বলেনঃ আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত হয়েছি এবং আল্লাহ্র রাস্তায় সফর করছি। এখন তোমরা অসহায় অবস্থায় পরেছ, কাজেই তোমরা তা খাও। জাবির (রাঃ) বলেনঃ আমরা সেখানে এক মাসের মত অবস্থান করেছিলাম এবং আমাদের সংখ্যা ছিল তিন শ’তের মত। ফলে, আমরা তা খেতে থাকি, এমনকি আমরা সবাই মোটা-তাজা হয়ে যাই। এরপর আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ফিরে আসি, তখন এ বিষয়ে তাঁকে অবহিত করি। তিনি বলেনঃ এ ছিল একটি বিশেষ ধরনের খাদ্য, যা আল্লাহ তোমাদের জন্য (সমুদ্র থেকে) বের করেছেন। কী, তোমাদের কাছে এর কোন গোশত আছে নাকি, যা তোমরা আমাকে খাওয়াবে? তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সে মাছের গোশত প্রেরণ করি, ।