আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৮৮
মুহাম্মাদ ইবনু ইয়াহ্ইয়া .... উম্মে ইউনুস বিনতে শাদ্দাদ (রহঃ) বলেন, আমার ননদ উম্মে জাহাদার আল-আমিরিয়্যা আমাকে বলেছেন যে, তিনি আয়িশাকে হায়েযের রক্ত কাপড়ে লাগা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, কোন এক রাতে আমি হায়েয অবস্থায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। এ সময় আমাদের গায়ে নিজ নিজ বস্ত্র ছিল এবং শীতের কারগে উভয়েই একটি চাঁদরও গায়ে দেই। অতঃপর প্রত্যুষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাঁদরটি পরিধাণ করে মসজিদে গিয়ে ফজরের নামায আদায় করার পর বসেন। এমতাবস্থায় এক ব্যক্তি বলেন- ইয়া রাসূলাল্লাহ্! আপনার চাঁদরে সামান্য রক্তের চিহ্ন দেখা যাচ্ছে। তিনি চাঁদরের রক্ত-রঞ্জিত স্থানের পার্শ্ব ধরে তা মুচড়িয়ে গোলামের হাতে অর্পণ করে আমার নিকট পাঠান এবং বলেনঃ এটা ধৌত করবার পর শুকিয়ে আমার নিকট পাঠাবে। আয়িশা বলেন, অতঃপর আমি এক পাত্র পানি চেয়ে নিয়ে তা ধৌত করে শুকাবার পর তাঁর নিকট প্রেরণ করি। দুপুরের সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাঁদরটি পরিধান করে প্রত্যাবর্তন করেন।