আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৯৪
তিনি বলেন, ইবনু শিহাব তাকে জানিয়েছেন যে, একদা উমার ইবনু আব্দুল আযীয (রহঃ) মিম্বরে বসে (রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায়) আসরের নামাযে (নামায আদায়ে) কিছু বিলম্ব করেন। তখন উরওয়া ইবনুস যুবায়ের (রহঃ) তাকে বলেন, জিবরীল (আঃ) মুহাম্মাদ সাল্লাল্লাহু অলাইহে ওয়া সাল্লামকে নামাযের সময় সম্পর্কে অবহিত করেছেন। তখন উমর ইবনু আব্দুল আযীয (রহঃ) বলেন, তুমি যা বলছ তা আমি জানি। তখন উরওয়া বলেন, আমি বশীর ইবনু আবূ মাসউদকে বলতে শুনেছি, আমি আবূ মাসউদ আলসারী (রাঃ) কে বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ জিবরীল (আঃ) এসে আমাকে নামাযের ওয়াক্ত সম্পর্কে অবগত করেছেন। তিনি তাঁর অংগুলী গণনা করে বলেন, আমি তাঁর (জিবরীল) সাথে একে একে পাঁচ ওয়াক্তে নামায আদায় করেছি। রাবী বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যুহরের নামায সূর্য একট্বূ পশ্চিম দিকে হেলে যাওয়ার পর পড়তে দেখেছি এবং প্রখর গরমের দিনে তিনি কখনও একই বিলম্ব করেও পড়েছেন। আমি তাকে আসরের নামায সূর্য উপরে উজ্জল বর্ণ থাকা অবস্থায় আদায় করতে দেখেছি- সূর্যের কিরণে হলুদ রং প্রকাশিত হওয়ার পূর্বে। কোন ব্যক্তি অসেরের নামায আদায় করে সূর্যাস্তের পূর্বেই ’যুল-হুলায়ফা’ নামক স্থানে পৌছে যেত। অতঃপর তিনি সূর্যাস্তের পরপরই মাগরিবের নামায আদায় করতেন। পরে তিনি এশার নামায ঐ সময় আদায় করতেন যখন পশ্চিমাকাশে কৃষ্ণবর্ণে আচ্ছাদিত হত এবং কখনও কখনও মানুষের একত্রিত হওয়ার জন্য বিলম্ব করতেন। তিনি একবার ফজরের নামায অন্ধকার থাকতেই আদায় করেন এবং পরের বার দিগন্ত উজ্জল হওয়ার পর সূর্যদয়ের পূর্বক্ষণে আদায় করেন। তিনি তাঁর ইন্তেকালের পূর্ব পর্যন্ত পুনরায় আর কখনও অপেক্ষা করেন নাই। (বুখারী, ইবনু মাজাহ, নাসাঈ)। ইমাম আবূ দাউদ বলেন, এই হাদীছটি ইমাম যূহরী (রহঃ) হতে মুআম্মার, মালিক ইবনু উনায়না, শুআয়েব, লায়েছ ও অন্যান্যা মুহাদ্দিছগণ কর্তৃক বর্ণিত হয়েছে। কিন্তু তাঁরা নামায আদায়ের সময় উল্লেখ করেন নাই এবং বিস্তারিত বর্ণনাও দেন নাই। অনুরূপভাবে এই হাদীছটি হিসাম ও হাবীব - উরওয়া হতে মুআম্মারের অনুরূপ বর্ণনা করেছেন। ওয়াহব ইবনু কায়সান জাবের (রাঃ) হতে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মাগরিবের নামাযের সময় সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেন, পরের দিন তিনি সূর্যাস্তের পরপরই মাগরিবের নামায পূর্ববর্তী দিনের মত একই সময়ে আদায় করেন। ইমাম আবূ দাউদ বলেন, আবূ হুরায়রা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন। রাবী বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমাকে নিয়ে পরের দিন মাগরিবের নামায একই সময়ে আদায় করেন। অনুরূপভাবে আমর ইবনু শুআয়েব তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে এই হাদীছ বর্ণনা করেছেন।