আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৪৫
আমার পিতা আমাকে বলেছেন, যিনি আবূ দারদা (রাঃ) এর বন্ধু ছিলেন। তিনি বলেনঃ দামিশ শহরে ইবন হানজালিয়া (রাঃ) নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী বাস করতেন। তিনি একাকী থাকতে পছন্দ করতেন এবং লোকদের সাথে মেলামেশা করতেন না। তিনি অধিকাংশ সময় সালাতে রত থাকতেন এবং অবশিষ্ট সময তাসবিহ ও তাকবীর পাঠে রত থাকতেন, এরপর নিজের ঘরে ফিরে যেতেন। রাবী বলেনঃ একদা তিনি ঘরে ফেরার সময় আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এ সময় আমরা আবূ দারদা (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। তখন আবূ দারদা (রাঃ) তাঁকে বলেনঃ আপনি আমাদের এমন কিছু বলুন, যা আমাদের উপকারে আসে এবং আপনার কোন ক্ষতি না হয়। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একদল সৈন্য পাঠান। তারা ফিরে আসে এবং তাদের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন সেখানে গিয়ে বসে পড়ে এবং তার পাশের লোককে সম্বোধন করে বলেঃ যদি তোমরা আমাদের দেখতে, যখন আমরা শত্রুদের সাথে যুদ্ধরত ছিলাম। তখন আমাদের অমুক ব্যক্তি বল্লম উচিয়ে বলেছিলঃ আমার এ আঘাত গ্রহণ কর এবং আমি গিফার গোত্রের লোক। তুমি তার এ কথাকে কিরূপ মনে কর? তখন সে ব্যক্তি বলেঃ আমার বিবেচনায় তার ছওয়াব বিনষ্ট হয়েছে। তার এ কথা শুনে অপর এক ব্যক্তি বলেঃ আমার মতে এরূপ বলাতে কোন ক্ষতি হয়নি। তারা ঝগড়া শুরু করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বলেনঃ সুবহানাল্লাহ! এতে ক্ষতির কি আছে, যদি সে ছওয়াব পায় এবং লোকেরা তার প্রশংসা করে? রাবী বলেনঃ তখন আমি দেখতে পাই যে, আবূ দারদা (রাঃ) তা শুনে খুব খুশি হয়েছেন। তিনি তাঁর মাথা উচু করে তাঁকে জিজ্ঞাসা করেনঃ আপনি কি ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি বলেনঃ হ্যাঁ। রাবী বলেনঃ এরপর আবূ দারদা (রাঃ) বারবার প্রশ্ন করতে করতে শেষ ব্যক্তির এত নিকটবর্তী হল যে, আমার মনে হচ্ছিল, তিনি তাঁর কাঁধের উপর চেপে বসবেন। (রাবী বিশর বলেনঃ) আরেকদিন সে ব্যক্তি আমাদের পাশ দিয়ে গমনকালে আবূ দারদা (রাঃ) তাঁকে বলেনঃ এমন কিছু বলেন, যাতে আমাদের উপকার হয় এবং আপনার কোন ক্ষতি না হয়। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেনঃ ঘোড়ার জন্য যে ব্যক্তি খরচ করে, তার তুলনা এরূপ, যে মুক্ত হস্তে দান করে এবং তা থেকে বিরত হয় না। এরপর সে ব্যক্তি পুনরায় একদিন আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় আবূ দারদা (রাঃ) তাঁকে বলেনঃ আমাদের কিছু উপকারী কথা বলুনঃ যাতে আপনার কোন ক্ষতি না হয়। তখন তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেনঃ খরায়ম আসদী কি উত্তম ব্যক্তি। তবে যদি তার চুল লম্বা না হতো এবং লুংগী ঝুলিয়ে না পরতো। এ খবর খুরায়ম (রাঃ) এর নিকট পৌছলে তিনি তৎক্ষনাৎ এক খানি ছুরি নিয়ে তার লম্বা চুল কেটে ছোট করেন এবং নিজের পরিধেয় বস্ত্র পায়ের গোছা পর্যন্ত উঠান। পরে আরো একদিন সে ব্যক্তি আমাদের পাশ দিয়ে গমনকালে আবূ দারদা (রাঃ) তাঁকে বলেনঃ আপনি আমদের এমন কিছু শোনান, যাতে আমাদের উপকার হয় এবং আপনার কোন ক্ষতি না হয়। তখন তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ এখন তোমরা তোমাদের ভাইদের সাথে মিলিত হতে চলেছ, কাজেই তোমরা তোমাদের যানবাহনকে ঠিক কর এবং তোমাদের পোশাক -পরিচ্ছদ পরিস্কার কর, যাতে তারা সহজে তোমাদের চিনতে পারে। জেনে রাখ! মহান আল্লাহ বেহুদা কখোপকথনকারী এবং ময়লা-অপরিস্কার থাকা ব্যক্তিকে ভালবাসেন না। যাতে তোমরা লোকদের মাঝে অপয়া হও। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ আবূ নআয়ম (রহঃ) হিশাম থেকে বর্ণনা প্রসংগে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এমনকি তোমরা লোকদের মাঝে অপয়া হও।