আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৯৮
তিনি বলেনঃ একদা আমরা লায়ছ-গোত্রের প্রতিনিধিদের সাথে ইয়াশ্কুরী (রহঃ) এর নিকট উপস্থিত হলে, তিনি জিজ্ঞাসা করেনঃ তোমরা কারা? আমরা বলিঃ আমরা লায়ছ গোত্রের লোক। আমরা আপনার কাছে হুযায়ফা (রাঃ) এর হাদীছ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এসেছি। তিনি হাদীছ বর্ণনা প্রসঙ্গে বলেনঃ আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ্! এ ভাল অবস্থার পর কি খারাপ অবস্থার সৃষ্টি হবে? তিনি বলেনঃ ফিতনার সৃষ্টি হবে। তিনি জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ্! ফিতনা-ফ্যাসাদের পর পুনরায় কি ভালো অবস্থার সৃষ্টি হবে? তিনি বলেনঃ হে হুযায়ফা! আল্লাহ্র কিতাবের জ্ঞান অর্জন কর এবং এতে যা আছে তার অনুসরণ কর। তিনি তিনবার একথা বলেন। রাবী হুযায়ফা বলেনঃ আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলাল্লাহ্! এ খারাপ অবস্থার পর কি আবার ভালো অবস্থার সৃষ্টি হবে? তিনি বলেনঃ هُدْنَةٌ عَلَى دَخَنٍ আর এরা হবে এমন এক জামাআত, যাদের দিল অন্ধকারাচ্ছন্ন হবে। রাবী বলেনঃ আমি জিজ্ঞাসা করিঃ هُدْنَةٌ عَلَى دَخَنٍ এর অর্থ কি? ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলেনঃ মানুষের অন্তর বা দিল যে অবস্থায় থাকবে, তা থেকে পরিবর্তিত হবে না। রাবী বলেনঃ তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ্! এ ভালো অবস্থার পর কি আবার খারাপ অবস্থার সৃষ্টি হবে? তিনি বলেনঃ এরপর সর্বগ্রাসী ফিতনার সৃষ্টি হবে, তখন লোকদের আগুনের দরজার দিকে আহবান করা হবে। অতএব হে হুযায়ফা! যদি তুমি সে সময় পাও, তবে তাদের কারো আনুগত্য করার চাইতে, তোমার জন্য উচিত হবে জঙ্গলে গিয়ে গাছের শিকড়, ফল-মূল ইত্যাদি খেতে খেতে মারা যাওয়া।