আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২২৪
তিনি বলেনঃ একদা আমি ইব্ন আব্বাস (রাঃ)-কে উপরোক্ত আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বলেনঃ যখন সূরা ফুরকানের এ আয়াতঃ যারা আল্লাহ্র সাথে অন্য কিছুর শরীক করে না এবং অন্য্যায়ভাবে কাঊকে হত্যা করে না”-নাযিল হয়, তখন মক্কার (নও-মুসলিম) মুশরিকরা এরূপ বলতে থাকে যে, আমরা তো আল্লাহ্র সাথে শরীক করেছি, অন্যায়ভাবে হত্যাও করেছি; এ ছাড়া আমরা আরো অনেক গুনাহ্ করেছি, (এমতাবস্থায় আমাদের নাজাতের ব্যবস্থা কি?) তখন আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ “আর যে তাওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ্ তাদের গুনাহ্কে নেকীতে পরিবর্তিত করে দেবেন”। আর সূরা নিসার এ আয়াতঃ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মু’মিনকে হত্যা করবে, সে জাহান্নামে যাবে”, ঐ ব্যক্তি সম্পর্কে নাযিল হয়, যে ইসলামী শরীআতের হুকুম-আহকাম সম্পর্কে জ্ঞাত হওয়া সত্ত্বেও কোন মু’মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, সে অবশ্যই জাহান্নামে যাবে এবং তার তাওবা কবূল হবে না। রাবী সাঈদ (রহঃ) বলেনঃ আমি এ সম্পর্কে মুজাহিদ -এর সাথে আলোচনা করলে, তিনি বলেনঃ তবে কেউ যদি যথার্থ-লজ্জিত হয়ে তাওবা করে, তবে তা কবূল হবে।