আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৪০
উছমান ইব্ন আবূ শায়বা (রহঃ) .... উম্মু সালামা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ’যমীন-ধসে যাওয়া’ সম্পর্কিত হাদীছ বর্ণনা প্রসংগে বলেনঃ আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ্! তার কি অবস্থা হবে, যে অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে যোগদান করবে? তিনি বলেনঃ সেও তাদের সাথে যমীনে ধসে মারা যাবে, কিন্তু কিয়ামতের দিন তাকে তার নিয়তের উপর উঠানো হবে। - সহীহ। ইমাম আবূ দাঊদ (রহঃ) হারূন ইব্ন মুগীরা থেকে, তিনি আবূ ইসহাক (রহঃ) থেকে বর্ণনা করেন যে, একদা আলী (রাঃ) তাঁর পুত্র হাসানের প্রতি দৃষ্টিপাত করে বলেনঃ আমার এ ছেলে জান্নাতের যুবদের সর্দার, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনি আরো বলেনঃ অতি সত্তর তার বংশে এমন এক ব্যক্তি জন্ম গ্রহণ করবে, যার নাম হবে তোমাদের নবীর অনুরূপ। স্বভাব-চরিত্রে তিনি তাঁরই মত হবেন, তবে আকৃতিতে নয়। এরপর আলী (রাঃ) বলেনঃ তিনি পৃথিবীকে আদল-ইনসাফে পরিপূর্ণ করবেন। -যঈফ। হারূন (রহঃ) .... আমর ইব্ন কায়স (রহঃ) থেকে, তিনি হিলাল ইব্ন আমর (রহঃ) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি আলী -কে এরূপ বর্ণনা করতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ’অরাইন্-নাহার’ থেকে এমন এক ব্যক্তি বের হবে, যার নাম হবে ’হারিছ ইব্ন হারবাছ’ এবং তার আগে অপর এক ব্যক্তি বের হবে, যাকে লোকেরা ’মানসূর’ বলবে। তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবার-পরিজনদের তেমনি ভাবে আশ্রয় দেবেন, যেমনি ভাবে কুরায়শগণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আশ্রয় দিয়েছিল। প্রত্যেক মু’মিনের উচিত হবে তাঁকে সাহায্য করা এবং তাঁর আহব্বানে সাড়া দেওয়া। -যঈফ।