আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬২৬
তিনি বলেন; একদা আমি উবাই ইবন কাআব (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে বলিঃ আমার অন্তরে তাকদীরের ব্যাপারে কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে, আপনি সে সম্পর্কে আমাকে কিছু বলুন, যাতে আল্লাহ্ আমার অন্তর থেকে তা দূর করে দেন। তিনি বলেনঃ মহান আল্লাহ্ যদি আসমান ও যমীনের সব মাখলূককে আযাব দেন, তবে এ জন্য তাঁকে জালিম বলা যাবে না। আর যদি তিনি সকলের উপর রহম করেন, তবে তাঁর রহমত তাদের জন্য, তাদের আমলের চাইতে উত্তম। আর যদি তুমি আল্লাহ্র রাস্তায় উহুদ পরিমাণ সোনা ব্যয় কর, তবে আল্লাহ্ তা’আলা ততক্ষণ তা কবূল করবেন না, যতক্ষণ না তুমি তাকদীরের উপর ঈমান আনবে। আর তুমি বিশেষভাবে মনে রাখবে যে, তোমার যা পাওনা ছিল, তা অবশ্যই পেয়েছ; আর তুমি যা পাওয়ার নও-তা কখনো পাবে না। আর যদি তুমি এরূপ বিশ্বাস ব্যতীত-অন্য বিশ্বাসের উপর মারা যাও, তবে তুমি জাহান্নামে প্রবেশ করবে। রাবী বলেনঃ এরপর আমি আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ)-এর কাছে আসলে, তিনি বলেনঃ তারপর আমি হুযায়ফা ইবন ইয়ামান (রাঃ)-এর কাছে গেলে, তিনিও অনুরূপ বর্ণনা করেন। রাবী বলেনঃ পরে আমি যায়দ ইবন ছাবিত -এর কাছে গেলে, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীছ বর্ণনা করেন।