Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৫১

প্রায় ২ মিনিট · ২০৮ শব্দ

আবদুল আলা ইবন হাম্মাদ (রহঃ) ..... জু্বায়র ইবন মুত’ঈম (রাঃ) তার পিতা হতে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গ্রাম্য একটা লোক এসে বলেঃ ইয়া রাসূলুল্লাহ! দুর্ভিক্ষের কারণে লোকেরা বিপদগ্রস্ত হয়ে পড়েছে, পরিবার-পরিজন বরবাদ হচ্ছে, ধন-সম্পদ নষ্ট হচ্ছে এবং পশু মারা যাচ্ছে। আপনি আমাদের জন্য আল্লাহ্‌র কাছে জন্য দু’আ করুন। আমরা আপনার মাধ্যমে আল্লাহ্‌র কাছে সুপারিশ করতে চাই এবং আপনার সামনেও আমরা আল্লাহ্‌র সুপারিশ পেশ করছি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আহমক, তোমার সর্বনাশ হোক! তুমি কি জান তুমি কী বলছো? এরপর তিনি তাসবীহ পাঠ শুরু করেন এবং অনেক্ষণ তাসবীহ পাঠে রত থাকেন। এমনকি তাঁর সাহাবীদের চেহারায় সে ব্যক্তির কথার প্রতিক্রিয়া দেখা যেতে থাকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ওহে মূর্খ! আল্লাহ্‌ তা’আলার কোন মাখলুকের সামনে তাঁর সুপারিশ করা যায় না। আল্লাহর মর্যাদা এ থেকে অনেক বড়। হে অজ্ঞ ব্যক্তি! তোমার সর্বনাশ হোক। তুমি কি আল্লাহ্‌র মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু জান? মহান আল্লাহ্‌র আরশ তাঁর আসমানের উপর এরূপ। এ বলে তিনি তাঁর আগুলসমূহে গম্বুজের মত করে ইশারা করেন। এতদসত্ত্বেও আসমান তাঁর মর্যাদার কারণে এমন চির-চির শব্দ করে, যেমন আরোহীর নীচে তার পালানোর শব্দ হয়। রাবী ইবন বিশশার তার বর্ণনায় এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেনঃ মহান আল্লাহ্‌ তাঁর আরশের উপর এবং তাঁর আরশ তাঁর সৃষ্ট আসমানের উপর।

ছবি বানান