আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৭২
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রাচ্ছন্ন হওয়ার পর হাসি মুখে মাথা উঠিয়ে হয়তো নিজে তাদের বলেন, নয়তো সাহাবীগণ তাকে জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি হাসলেন কেন? তিনি বলেনঃ এখনই আমার উপর একটা সূরা নাযিল হয়েছে। এরপর তিনি তা তিলাওয়াত করেনঃ অবশ্যই আমি আপনাকে কাওছার দান করেছি। সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন। নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষে পোষণকারীই তো নির্বংশ। সূরা পাঠ শেষে তিনি প্রশ্ন করেনঃ তোমরা কি জান, কাওছার কী? তারা বলেনঃ এ ব্যাপারে আল্লাহ্ এবং তাঁর রাসূল অধিক জ্ঞাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তা হলো একটা নহর, যা আমার রব আমাকে জান্নাতে দেয়ার ওয়াদা করেছেন। সেখানে অনেক কল্যাণ নিহিত আছে এবং সেখানে হাওয আছে, যেখানে কিয়ামতের দিন আমার উম্মাত সমবেত হবে। আর এর পান পাত্র তারকারাজীর চাইতে অধিক হবে।