আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭০০
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আমাদের সাথে কথাবার্তা বলতেন। আর তিনি যখন উঠে দাঁড়াতেন, তখন আমরা ও উঠে দাঁড়াতাম, যতক্ষণ না আমরা দেখতাম যে, তিনি তাঁর কোন বিবির ঘরে প্রবেশ করেছেন। একদিন তিনি আমাদের সাথে কথাবার্তা বলে দাঁড়ালে, আমরা ও দাঁড়িয়ে যাই। এ সময় আমরা দেখি যে, একজন বেদুঈন আরব তাঁকে ধরে তাঁর গলায় চাদর পেঁচিয়ে তাকে টানছে, যাতে তাঁর গলা লাল হয়ে যায়। রাবী আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ সে ব্যক্তির চাদরটি ছিল মোটা কাপড়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালে সে বলেঃ আপনি আমার এ দু’টি উটের পিঠ শস্য দিয়ে ভরে দিন; কেননা আপনি আপনার মাল থেকে দিচ্ছেন না, না আপনার পিতার মাল থেকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ না, আমি আমার মাল থেকে দেই না, আমি আল্লাহ্র কাছে মাফ চাই। একথা তিনি তিনবার বলেন। এরপর তিনি বলেনঃ আমি তোমার উটের পিঠ ততক্ষণ ভরে দেব না, যতক্ষণ না তুমি আমাকে টানার বিনিময় দেবে। বেদুঈন (আরব) প্রতিবারই এরূপ কসম করে বলতে থাকে যে, আল্লাহ্র শপথ! আমি এর বিনিময় আপনাকে দেব না, এরপর রাবী হাদীছ বর্ণনা প্রসংগে বলেনঃ তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ডেকে বলেন, এ ব্যক্তির দু’টি উটের পিঠ শস্য দিয়ে ভরে দাও। এক উটের পিঠে যব এবং অন্য উটের পিঠে খেজুর দিয়ে দাও। এরপর তিনি আমাদের দিকে ফিরে বলেনঃ তোমরা আল্লাহ্র বরকতের উপর ভরসা করে চলে যাও।