আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭৮৫
মুহাম্মদ ইবন ইয়াহইয়া (রহঃ) .... আবদুল্লাহ ইবন আমর ইবন ফাগ্ওয়া খুযাঈ (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আহবান করেন। আর তিনি ইচ্ছা করেন, আমাকে কিছু টাকা-পয়সাসহ আবূ সুফিয়ানের কাছে পাঠাবেন, যাতে তিনি তা মক্কা বিজয়ের পর কুরায়শদের মাঝে বিতরণ করতে পারেন। তিনি আমাকে বলেনঃ তুমি তোমার সাথে সফরের জন্য একজন সংগী নির্ধারণ কর। এ সময় আমর ইবন উমাইয়্যা যামরী (রাঃ) এসে বলেঃ আমি জানতে পারলাম, আপনি মক্কায় যাওয়ার ইরাদা করেছেন এবং একজন সফর সংগী খুঁজছেন। আমি বলিঃ হ্যাঁ। তখন তিনি বলেনঃ আমি আপনার সংগে যাব। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপস্থিত হয়ে বলিঃ আমি একজন সংগী পেয়েছি। তিনি জিজ্ঞাসা করেনঃ সে ব্যক্তি কে? আমি বলিঃ আমর ইবন উমাইয়া যামরী (রাঃ)। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি যখন তার সম্প্রদায়ের দেশে পৌছবে, তখন তুমি তার ব্যাপারে সতর্ক থাকবে। যেমন কেউ বলেছেনঃ নিজের আপন ভাই থেকেও শংকাহীন থাকবে না। এরপর আমরা বের হই এবং যখন ’আবওয়া’ নামক স্থানে পৌছাই, তখন আমর ইবন উমাইয়া যামরী বলেনঃ আমি বিশেষ প্রয়োজনে আমার কাওমের কাছে যাচ্ছি, আপনি এখানে আমার জন্য অপেক্ষা করুন। আমি বললামঃ ঠিক আছে, আপনি রাস্তা ভুলে যাবেন না। তিনি চলে যাওয়ার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা আমার মনে পড়ে এবং আমি আমার উটের পিঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে চলে ’আসাফির’ নামক স্থানে পৌছাই এবং দেখতে পাই যে, আমর ইবন উমাইয়া যামরী তার কাওমের কিছু লোক নিয়ে আমাকে বাঁধা দেয়ার জন্য আসছে। তখন আমি আমার উটকে দ্রুত গতিতে হাঁকিয়ে নিয়ে দূরে চলে যাই। আর তিনি বুঝতে পারেন যে, আমি তার নাগালের বাইরে চলে এসেছি, তখন সে এবং তার সাথীরা ফিরে যায়। অবশেষে তিনি একাকী আমার কাছে ফিরে এসে বলেনঃ আমার কাওমের লোকদের কাছে আমার কিছু কাজ ছিল। আমি বলিঃ হ্যাঁ, হতে পারে। এরপর আমি মক্কায় পৌছে উক্ত মাল আবূ সুফিয়ানের কাছে অর্পণ করি।