আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০০০
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সন্ধ্যায় এ দু’আ তিনবার পড়বে, সকাল পর্যন্ত তার উপর কোন আকস্মিক বিপদ আপতিত হবে না। দু’আটি হলোঃ ’বিসমিল্লাহিল্লাহী লা-ইয়াদুররু মা’আ ইসমূহু শায়উন ফিল আরদে ওয়ালা ফিস সামায়ে ওয়া-হুয়াস সামিউল আলীম।’ অর্থাৎ আমি শুরু করছি সে আল্লাহ্র নাম নিয়ে, যার নাম নিলে যমীন ও আসমানের কিছুই কোন ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। আর যে ব্যক্তি সকালে এ দু’আ তিনবার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তার উপর কোন আকস্মিক বিপদ আপতিত হবে না। ঘটনাক্রমে এ হাদীছের বর্ণনাকারী আবান ইবন উছমানের দেহের একাংশ অবশ হয়ে যায়, তখন এক ব্যক্তি, যিনি তার থেকে এ হাদীছ শোনেন, তিনি সংশয়ের দৃষ্টিতে তার দিকে তাকান। তখন আবান (রাঃ) বলেনঃ তুমি আমার কি দেখছো, আল্লাহ্র শপথ! আমি তো উছমান (রাঃ)-এর উপর মিথ্যা অপবাদ দেন নাই এবং উছমান (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মিথ্যা অপবাদ দেন নাই। বরং ব্যাপার হলোঃ যেদিন আমার দেহের অর্ধাংশ অবশ হয়, সেদিন আমি রাগান্বিত থাকায় এ দু’আ পড়তে ভুলে যাই।