আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০০২
আব্বাস ইবন আবদুল আজীম (রহঃ) ...... আবদূর রহমান ইবন আবূ বকরা (রহঃ) একদা তার পিতাকে জিজ্ঞাসা করেনঃ হে আমার পিতা! আমি আপনাকে প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় এ দু’আটি তিনবার পাঠ করতে শুনি, এর কারণ কি? দু’আ হলোঃ ’ইয়া আল্লাহ্! আমার দেহকে রোগমুক্ত রাখুন, আমার কান ও চোখকে রোগমুক্ত রাখুন, আপনি ছাড়া আর কোন ইলাহ নেই।’ জবাবে তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ দু’আ পাঠ করতে শুনেছি; আমি তাঁর সুন্নাতের উপর আমল করতে পসন্দ করি। রাবী আব্বাস এক বর্ণনায় বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ ইয়া আল্লাহ্! আমি আপনার কাছে কুফরী ও মুহতাজী থেকে পানাহ চাই। হে আল্লাহ্! আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এ দু’আ তিনবার পাঠ করতেন-সকালে এবং সন্ধ্যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ দু’আ পাঠ করতে শুনেছি; আমি তার সুন্নাতের উপর আমল করতে পসন্দ করি। রাবী বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিপদগ্রস্ত লোকের দু’আ হলোঃ ইয়া আল্লাহ্! আমি আপনার রহমতের প্রত্যাশী, আপনি আমাকে আমার নাফসের হাতে সমর্পণ করবেন না এক মুহূর্তের জন্য। আর আপনি আমার সব ব্যাপার সুষ্ঠভাবে সম্পন্ন করে দিন। আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। কোন কোন বর্ণনাকারী শব্দের মধ্যে বেশী-কম করে বর্ণনা করেছেন।