আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৯৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করার জন্য আমাদের ঘরে আসেন। তিনি বলেনঃ আসসালামু আলায়কুম ওয়া বাহমাতুল্লাহ। তখন সাআদ (রাঃ) আস্তে সালামের জবাব দেন। রাবী কায়স বলেনঃ আমি তাকে বলিঃ আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ভেতরে আসার অনুমতি দেবেন না? তিনি বলেনঃ একটু সবর কর তিনি আমাদের উপর আরো সালাম দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আসসালামু আলায়কুম ওয়া-রহমাতুল্লাহ। তখন সাআদ (রাঃ) সালামের জবাব আস্তে দেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেনঃ আসসালামু আলায়্কুম ওয়া-রহমাতুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যেতে থাকলে সাআদ (রাঃ) তাঁর পিছে এসে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার সালামের শব্দ শুনি এবং আস্তে আস্তে জবাব দেই, যাতে আপনি অধিক বার আমাদের উপর সালাম দেন। রাবী বলেনঃ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা’দের সাথে ফিরে আসে। সাআদ (রাঃ) তাঁর জন্য গোসলের ব্যবস্থা করে রাখেন, যা দিয়ে তিনি গোসল করেন। তারপর সাআদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যা’ফরান রঙে রঞ্জিত চাদর প্রদান করেন, যা দিয়ে তিনি তাঁর শরীর আচ্ছাদিত করেন। এরপর তিনি দু’হাত তুলে সা’আদের জন্য এরূপ দু’আ করেনঃ ইয়া আল্লাহ্! আপনি সাআদ ইবন উবাদার পরিবারের উপর বরকত ও রহমত নাযিল করুন। রাবী বলেনঃ তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আহার করেন। এরপর তিনি যখন ফিরে আসার ইরাদা করেন, তখন সাআদ (রাঃ) তাঁর জন্য একটা গাধার ব্যবস্থা করেন, যার পিঠে একটা চাদর ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে আরোহণ করেন। তখন সাআদ (রাঃ) বলেনঃ হে কায়স! তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে যাও। কায়স (রাঃ) বলেনঃ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ তুমি আরোহণ কর। কিন্তু আমি এতে আপত্তি করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হয় তুমি আমার সাথে সওয়ার হও, নয়তো ফিরে যাও। কায়স (রাঃ) বলেনঃ তখন আমি ফিরে আসি। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ উমার ইবন আবাদুল ওয়াহিদ ও ইবন সুমাআ (রহঃ) আওযাঈ (রহঃ) থেকে মুরসাল হিসাবে এ হাদীছ বর্ণনা করেছেন। এতে কায়স ইবন সাআদ -এর নাম উল্লেখ নেই।