আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৯১
আহমদ ইবনু হাম্বল .... জাবের (রাঃ) বলেন, মুআয (রাঃ) মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে নামায আদায়ের পর স্বীয় সম্প্রদায়ে প্রত্যাবর্তন করে আমাদের নামাযে ইমামতি করতেন। রাবী পুনরায় বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামায আদায়ের পর তিনি স্বীয় কওমের নিকট ফিরে এসে তাদের নামাযে ইমামতি করতেন। একদা রাতে-এশার নামায পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করেন। সেদিনও মুআয (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এশার নাময পড়ে ফিরে গিয়ে স্বীয় কওমের ইমামতি করেন এবং এই নামাযে তিনি সূরা আল-বাক্কারা তিলাওয়াত শুরু করেন। ঐ সময় এক ব্যক্তি জামাআত হতে বিছিন্ন হয়ে একাকী নামায পড়ে। তাকে বলা হল, হে অমুক তুমি কি মুনাফিক হয়ে গেছ? জবাবে সে বলল, আমি মুনাফিক নই। অতঃপর সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলাল্লাহ্! মুআয (রাঃ) আপনার সাথে নামায পড়ার পর প্রত্যাবর্তন করে আমাদের নামাযের ইমামতি করেন। আমরা মেহনতী কৃষিজীবি লোক এবং নিজেরাই ক্ষেতের কাজকর্ম করে থাকি। অপরপক্ষে মুআয (রাঃ) আমাদের নামাযে ইমামতি করার সময় সূরা বাক্কারার ন্যায় দীর্ঘ সূরা পাঠ করে থাকেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয (রাঃ)-কে সম্বোধন করে বলেনঃ হে মুআয তুমি কি লোকদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করতে চাও ? তিনি আরো বলেনঃ তুমি নামাযে অমুক অমুক সূরা পাঠ কর। আবূয-যুবারের বলেন, সূরা আল-আলার ন্যায় ছোট ছোট সূরা পাঠ করবে।