আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৩৮
আল-ওয়ালীদ ইবনে উতবা আদ-দিমাশকী (রহঃ) ..... আবু মুসাব্বিহ আল মাকরাঈ (রহঃ) বলেন, আমরা আবু যোহাইর আন নুমাইরী এর খিদমতে বসতাম এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি উত্তম হাদিস সমূহ বর্ণনা করতেন। অতঃপর আমাদের মধ্যকার কোন ব্যক্তি যখন কোনরূপ দোয়া করত তখন তিনি বলতেন, তোমরা আমীন শব্দের উপর দোয়া শেষ করবে। কেননা আমীন শব্দটি ঐশী গ্রন্থের মোহর বা সিলস্বরূপ। এ প্রসঙ্গে আমি তোমাদের কাছে একটি ঘটনা বর্ণনা করতে চাই। এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বাইরে গমন করি। এসময় আমরা এমন এক ব্যক্তির নিকট উপস্থিত হই, যিনি অনেক অনুনয়-বিনয় সহকারে দোয়া করেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শ্রবণের জন্য সেখানে দণ্ডায়মান হন। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে শেষ করে তবে তার দোয়া কবুল হবে। এ সময় সমবেত লোকদের মধ্য হতে কোন এক ব্যক্তি জিজ্ঞাসা করলঃ সে কোন জিনিসের উপর দোয়া শেষ করবে? তিনি বলেন তিনি বলেন, যদি সে আমীনের উপর দোয়া শেষ করে। কেননা যদি সে আমীনের উপর তার দোয়া সমাপ্ত করে তবে তবে তার দোয়া কবুল হবে। অতঃপর প্রশ্নকারী ব্যক্তি দোয়ায় রত ব্যক্তির নিকট উপস্থিত হয়, যিনি তখন দোয়ার মধ্যে মশগুল ছিলেন। তখন তিনি তাকে বলেন, তুমি আমীন শব্দের উপর তোমার দোয়া শেষ কর এবং সাথে সাথে দোয়া কবুল হওয়ার সুসংবাদ গ্রহণ কর।