Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,১৬৯

প্রায় ২ মিনিট · ২৭৭ শব্দ

বিশ্‌র ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূ সালামা (রহঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়িশা (রাঃ) আমাকে বলেছেন, (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের খবর পেয়ে) আবূ বক্‌র (রাঃ) ’সুন্‌হ’-এ অবস্থিত তাঁর বাড়ি থেকে ঘোড়ায় চড়ে চলে এলেন এবং নেমে মসজিদে প্রবেশ করলেন। সেখানে লোকদের সাথে কোন কথা না বলে আয়িশা (রাঃ) এর ঘরে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে অগ্রসর হলেন। তখন তিনি একখানি ’হিবারাহ’ ইয়ামানী চাঁদর দ্বারা আবৃত ছিলেন। আবূ বক্‌র (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডল উম্মুক্ত করে তাঁর উপর ঝুকে পড়লেন এবং চুমু খেলেন, তারপর কাঁদতে লাগলেন এবং বললেন, ইয়া নবী আল্লাহ! আমার পিতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ আপনার জন্য দুই মৃত্যু একত্রিত করবেন না। তবে যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা তো আপনি কবুল করেছেন। আবূ সালামা (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, (তারপর) আবূ বক্‌র (রাঃ) বেরিয়ে এলেন। তখন উমর (রাঃ) লোকদের সাথে কথা বলছিলেন। আবূ বক্‌র (রাঃ) তাঁকে বললেন, বসে পড়ুন। তিনি তা মানলেন না। আবূ বক্‌র (রাঃ) তাঁকে বললেন, বসে পড়ুন , তিনি তা মানলেন না। তখন আবূ বক্‌র (রাঃ) কালিমা-ই-শাহাদাতের দ্বারা (বক্তব্য) আরম্ভ করলেন। লোকেরা উমর (রাঃ)-কে ছেড়ে তাঁর দিকে আকৃষ্ট হন। আবূ বক্‌র (রাঃ) বললেন আম্‌মা বা’দু, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ এর ইবাদত করতে, মুহাম্মদ সত্যই ইন্‌তিকাল করেছেন। আর যারা মহান আল্লাহর ইবাদত করতে, নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জিব, অমর। মহান আল্লাহ ইরশাদ করেনঃ(وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ) إِلَى (الشَّاكِرِينَ) অর্থাৎ মুহাম্মদ একজন রাসূল মাত্র ...... শাকিরীন পর্যন্ত। (৩ঃ ১১৪) আল্লাহর কসম, মনে হচ্ছিল যেন আবূ বক্‌র (রাঃ)-এর তিলাওয়াত করার পূর্ব পর্যন্ত লোকদের জানাই ছিল না যে, আল্লাহপাক এ আয়াত নাযিল করেছেন। এখনই যেন লোকেরা আয়াতখানি তার কাছ থেকে পেলেন। প্রতিটি মানুষকেই তখন ঐ আয়াত তিলাওয়াত করতে শোনা গেল।

ছবি বানান