বুখারী শরীফ - হাদীস নং ১,২২১
তিনি বলেন, যখন (মুতা এর যুদ্ধ ক্ষেত্রে থেকে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে (যায়িদ) ইবনু হারিসা, জাফর ও ইবনু রাওয়াহা (রাঃ) এর শাহাদাতের সংবাদ পৌঁছল, তখন তিনি (এমনভাবে) বসে পড়লেন যে, তাঁর মধ্যে দুঃখের চিহ্ন ফুটে উঠেছিল। আমি [আয়িশা (রাঃ)] দরওয়াযার ফাঁক দিয়ে তা দেখছিলাম। এক ব্যাক্তি সেখানে উপস্থিত হয়ে জাফর (রাঃ) এর পরিবারের মহিলাদের কন্নাকাটির কথা উল্লেখ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ ব্যাক্তিকে নির্দেশ দিলেন, তিনি যেন তাদেঁরকে (কাঁদতে) নিষেধ করেন, লোকটি চলে গেলো এবং দ্বিতীয়বার এসে (বলল) তারা তাঁর কথা মানেনি। তিনি ইরশাদ করলেনঃ তাদেঁরকে নিষেধ করো। ঐ ব্যাক্তি তৃতীয়বার এসে বললেন, আল্লাহর কসম! ইয়া রাসূলাল্লাহ! তাঁরা আমাদের হার মানিয়েছে। আয়িশা (রাঃ) বলেন, আমার মনে হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বিরক্তির সাথে) বললেনঃ তাহলে তাদের মুখে মাটি নিক্ষেপ কর। আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, আল্লাহ তোমার নাকে ধূলি মিলিয়ে দেন। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পালন করতে পারনি। অথচ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিরক্ত করতেও কসূর করনি।