বুখারী শরীফ - হাদীস নং ১৩০
একবার মু’আয (রাঃ), নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সাওয়ারীতে উপবিষ্ট ছিলেন, তখন তিনি তাঁকে ডাকলেন, হে মু’আয ইবনু জাবাল! মু’আয (রাঃ) উত্তর দিলেন, ’আমি হাযির ইয়া রাসূলাল্লাহ! এবং (আপনার আদেশ পালনের জন্য) প্রস্তুত। তিনি ডাকলেন, মু’আয! মু’আয (রাঃ) উত্তর দিলেন, ’আমি হাযির ইয়া রাসূলাল্লাহ এবং প্রস্তুত। তিনি আবার ডাকলেন, মু’আয। তিনি উত্তর দিলেন, ’আমি হাযির ইয়া রাসূলাল্লাহ এবং প্রস্তুত। এরূপ তিনবার করলেন। এরপর বললেনঃ যে কোন বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দেবে যে, ’আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল’ তার জন্য আল্লাহ তা’আলা জাহান্নাম হারাম করে দেবেন। মু’আয (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি কি মানুষকে এ খবর দেব না, যাতে তারা সুসংবাদ পেতে পারে?’ তিনি বললেন, ’তাহলে তারা এর উপর ভরসা করে বসে থাকবে।’ মু’আয (রাঃ) (জীবনভর এ হাদিসটি বর্ণনা করেন নি) মৃত্যুর সময় এ হাদিসটি বর্ণনা করে গেছেন যাতে (ইল্ম গোপন রাখার) গুনাহ না হয়।