বুখারী শরীফ - হাদীস নং ১,৫৫৭
তিনি বলেন, (খলীফা) আবদুল মালিক (মক্কার গভর্নর) হাজ্জাজের নিকট লিখে পাঠালেন যে, হাজ্জের (হজ্জ) ব্যাপারে ইবনু ’উমরের বিরোধিতা করবে না। ’আরাফার দিনে সূর্য ঢলে যাবার পর ইবনু ’উমর (রাঃ) হাজ্জাজের তাঁবুর কাছে গিয়ে উচ্চস্বরে ডাকলেন। আমি তখন তাঁর (ইবনু ’উমরের) সাথেই ছিলাম, হাজ্জাজ হলুদ রঙের চাঁদর পরিহিত অবস্থায় বেরিয়ে আসলেন এবং বললেন, কি ব্যাপার, হে আবূ ’আবদুর রাহমান? ইবনু ’উমর (রাঃ) বললেন, যদি সুন্নাতের অনুসরণ করতে চাও তা হলে চল। হাজ্জাজ জিজ্ঞাসা করলেন, এ মুহূর্তেই? তিনি বললেন, হাঁ। হাজ্জাজ বললেন, সামান্য অবকাশ দিন, মাথায় পানি ঢেলে বের হয়ে আসি। তখন তিনি তাঁর সওয়ারী থেকে নেমে পড়লেন। অবশেষে হাজ্জাজ বেরিয়ে এলেন। এরপর হাজ্জাজ চলতে লাগলেন, আমি ও আমার পিতার মাঝে তিনি চললেন, আমি তাঁকে বললাম, যদি আপনি সুন্নাতের অনুসরণ করতে চান তা হলে খুতবা সংক্ষিপ্ত করবেন এবং উকূফে জলদি করবেন। হাজ্জাজ ’আবদুল্লাহর দিকে তাকাতে লাগলেন। ’আবদুল্লাহ (রাঃ) যখন তাঁকে দেখলেন তখন বললেন, সে ঠিকই বলেছে।