বুখারী শরীফ - হাদীস নং ১,৮৪৪
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান (রাঃ) ও আবূদ দারদা (রাঃ) এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। (একবার) সালমান (রাঃ) আবূদ দারদা (রাঃ) এর সাথে সাক্ষাত করতে এসে উম্মুদ দারদা (রাঃ) কে মলিন কাপড় পরিহিত দেখতে পান। তিনি এর কারণ জিজ্ঞাসা করলে উম্মুদ দারদা (রাঃ) বললেন, আপনার ভাই আবূদ দারদার পার্থিব কোন কিছুর প্রতি মোহ নেই। কিছুক্ষণ পরে আবূদ দারদা (রাঃ) এলন। তারপর তিনি সালমান (রাঃ) এর জন্য আহার্য প্রস্তুত করান এবং বলেন, আপনি খেয়ে নিন, আমি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছি। সালমান (রাঃ) বললেন, আপনি না খেলে আমি খাব না। এরপর আবূদ দারদা (রাঃ) সালমান (রাঃ) এর সঙ্গে খেলেন। রাত হলে আবূদ দারদা (রাঃ) (সালাত (নামায/নামাজ) আদায়ে) দাঁড়াতে গেলেন। সালমান (রাঃ) বললেন, এখন ঘুমিয়ে যান। আবূদ দারদা (রাঃ) ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবূদ দারদা (রাঃ) আবার সালাতে দাঁড়াতে উদ্যত হলেন, সালমান (রাঃ) বললেন, ঘুমিয়ে যান। যখন রাতের শেষভাগ হল, সালমান (রাঃ) আবূদ দারদা (রাঃ) কে বললেন, এখন দাঁড়ান। এরপর তারা দুজনে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। পরে সালমান (রাঃ) তাঁকে বললেন, আপনার প্রতিপালকের হক আপনার উপর আছে। আপনার নিজেরও হক আপনার উপর রয়েছে। আবার আপনার পরিবারেরও হক রয়েছে। প্রত্যেক হকদারকে তার হক প্রদান করুন। এরপর আবূদ দারদা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে এ ঘটনা বর্ণনা করলেন। (সব শুনে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সালমান ঠিকই বলেছে।