বুখারী শরীফ - হাদীস নং ১,৮৫২
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আমার সম্পর্কে এ কথা পৌছে যায় যে, আমি বলেছি, আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে থাকব ততদিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করব এবং রাতভর সালাত (নামায/নামাজ) আদায় করব। তিনি আমাকে জিজ্ঞাসা করায় আমি বললাম, আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক! আমি একথা বলেছি। তিনি বললেনঃ তুমি তো এরূপ করতে সক্ষম হবে না। বরং তুমি সাওম পালন কর ও ছেড়েও দাও, (রাতে) সালাত আদায় কর ও নিদ্রা যাও। তুমি মাসে তিন দিন করে সাওম পালন কর। কারণ নেক কাজের ফল তার দশ গুন; এভাবেই সারা বছরের সাওম পালন হয়ে যাবে। আমি বললাম, আমি এর থেকে বেশী করার সামর্থ্য রাখি। তিনি বললেনঃ তাহলে একদিন সাওম পালন কর এবং দুদিন ছেড়ে দাও। আমি বললাম আমি এর থেকে বেশী করার সামর্থ্য রাখি। তিনি বললেনঃ তাহলে একদিন সাওম পালন কর এবং একদিন ছেড়ে দাও। এই হল দাঊদ (আলাইহিস সালাম) এর সাওম এবং এই হল সর্বোত্তম। আমি বললাম, আমি এর চেয়ে বেশী করার সামর্থ্য রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর চেয়ে উত্তম সাওম (রাখার পদ্ধতি) আর নেই।