বুখারী শরীফ - হাদীস নং ২,১২৩
بَابُ مَنِ اسْتَأْجَرَ أَجِيرًا فَبَيَّنَ لَهُ الأَجَلَ وَلَمْ يُبَيِّنِ الْعَمَلَ لِقَوْلِهِ: (إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ) إِلَى قَوْلِهِ: (عَلَى مَا نَقُولُ وَكِيلٌ) يَأْجُرُ فُلاَنًا يُعْطِيهِ أَجْرًا، وَمِنْهُ فِي التَّعْزِيَةِ أَجَرَكَ اللَّهُ ১৪০৫। পরিচ্ছেদঃ যদি কোন ব্যক্তি মজদুর নিয়োগ করে সময়সীমা উল্লেখ করল, কিন্তু কাজের উল্লেখ করল না (তবে তা জায়িয)। কেননা, আল্লাহ্ তা’আলা ইরশাদ করেন শুয়াইব (আঃ) মূসা (আ)-কে বলেন, আমি আমার এ দু’টি মেয়ের মধ্যে একটিকে তোমার কাছে বিয়ে দিতে চাই.... আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ্ তার সাক্ষী। (সূরা কাসাসঃ ২৭) (ইমাম বুখারী (রহঃ) বলেন,)يَأْجُرُ فُلاَنًا কথাটির অর্থ সে অমুক কে মজুরী প্রদান করেছে। অনুরূপভাবে সমবেদনা প্রকাশার্থে বলা হয়ে থাকেأَجَرَكَ اللَّهُ আল্লাহ্ তোমাকে প্রতিদান দিন। ২১২৩। ইবরাহীম ইবনু মূসা (রহঃ) ... উবাই ইবনু কা’ব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাঁরা উভয়ে [খিযির ও মূসা (আলাইহিস সালাম)] চলতে লাগলেন সেখানে তাঁরা এক পতনোম্মুখ প্রাচীর দেখতে পেলেন। সাঈদ (রহঃ) তার হাত দিয়ে ইশারা করে দেখালেন এভাবে এবং (খিযির) উভয়ে হাত তুললেন এতে দেয়াল ঠিক হয়ে গেল। হাদিসের অপর বর্ণনাকারী ইয়ালা (রহঃ) বলেন, আমার ধারণা যে সাইদ (রহঃ) বলেছেন, তিনি (খিযির) দেয়ালটির উপর হাত বুলিয়ে দিলেন, ফলে তা সোজা হয়ে গেল। মূসা (আলাইহিস সালাম) (খিজিরকে) বলেন, আপনি ইচ্ছা করলে এ কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। সাইদ (রহঃ) বর্ণনা করেন যে, এমন পারিশ্রমিক নিতে পারতেন যা দিয়ে আপনার আহার চলত।