বুখারী শরীফ - হাদীস নং ২,৯৬০
بَابُ الْمُوَادَعَةِ مِنْ غَيْرِ وَقْتٍ وَقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُقِرُّكُمْ مَا أَقَرَّكُمُ اللَّهُ بِهِ ১৯৮০. পরিচ্চছেদঃ সময় নির্ধারণ না করে সন্ধি করা এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীঃ আমি তোমাদের ততদিন সেখানে থাকতে দিব, যতদিন আল্লাহ তা’আলা তোমাদের রাখেন। ২৯৬০। আহমদ ইবনু উসমান (রহঃ) ... আবদুল্লাহ (ইবন মাসউদ) (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [কাবা শরীফে] সিজদারত ছিলেন, তার আশে-পাশে কুরাইশ মুশরিকদের কিছু লোক ছিল। এ সময় উকবা ইবন আবূ মুআইত উটনীর গর্ভ থলে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠে ফেলে দেয়। ফলে তিনি তার মাথা উঠালেন না। অবশেষে ফাতিমা (রাঃ) এসে তার পিঠ থেকে তা অপসারণ করেন আর যে ব্যাক্তি একাজ করেছে তার বিরুদ্ধে বদদুয়া করেন। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ! কুরাইশদের এ দলের বিচার আপনার উপর ন্যস্ত। ইয়া আল্লাহ! আপনি শাস্তি দিন আবূ জাহল ইবন হিশাম, উতবা ইবন রাবীআ, উকবা ইবন আবূ মূআইত ও উমাইয়া ইবন খালফ (অথবা রাবী বলেছেন), উবাই ইবন খালফকে। [ইবন মাসউদ (রাঃ) বলেন], আমি দেখেছি, তারা সবাই বদর যুদ্ধে নিহত হয়। তাদের সকলকে কূপে নিক্ষেপ করা হয়। উমাইয়া অথবা উবাই ব্যাতিত। কেননা, সে ছিল স্থুলদেহী। যখন তার লাশ টেনে নেয়া হচ্ছিল, তখন কূপে ফেলার আগেই তার জোড়াগুলি বিচ্ছিন্ন হয়ে যায়।