বুখারী শরীফ - হাদীস নং ৩,১৫০
তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) এর মা উম্মে রুমানার নিকট আয়িশার বিষয়ে যে সব মিথ্যা অপবাদের কথা বলাবলি হচ্ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি আয়িশার সাথে একত্রে বসা ছিলাম। এমন সময় একজন আনসারী মহিলা একথা বলতে বলতে আমাদের নিকট প্রবেশ করল। আল্লাহ অমুককে শাস্তি দিক। আর শাস্তি তো দিয়েছেন। একথা শুনে উম্মে রুমানা (রাঃ) বললেন, আমি জিজ্ঞাসা করলাম একথা বলার কারণ কি? সে মহিলাটি বলল, ঐ লোকটই তো কথাটির চর্চা করেছে। তখন আয়িশা (রাঃ) জিজ্ঞাসা করলেন, বিষয়টি কি আবূ বকর (রাঃ) এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনেছেন? সে বলল, হাঁ! এতে আয়িশা (রাঃ) বেহুশ হয়ে গেলেন। পরে তাঁর হুশ ফিরে আসল তবে তাঁর শরীর কাঁপিয়ে জ্বর আসল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, তার কি হল? আমি বললাম, তাঁর সম্পর্কে যা কিছু রটেছে তাতে সে (মনে) আঘাত পেয়েছে ফলে সে জ্বরে আক্রান্ত হয়েছে। এ সময় আয়িশা (রাঃ) উঠে বসলেন, আর বলতে লাগলেন, আল্লাহর কসম, আমি যদি কসম খেয়ে বলি তবুও আপনারা আমায় বিশ্বাস করবেন না আর যদি ওজর পেশ করি তাও আপনারা আমার ওজর শুনবেন না। অতএব এখন আমার ও আপনাদের অবস্থা হল ইয়াকুব (আলাইহিস সালাম) এবং তাঁর সন্তানদের মতো। আপনারা যা বর্ণনা করেছেন সে বিষয়ে একমাত্র আল্লাহর নিকট সাহায্য চাওয়া হল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে গেলেন এবং আল্লাহ যা নাযিল করার তা নাযিল করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আয়িশা (রাঃ)-কে এ সংবাদ জানালেন। আয়িশা (রাঃ) বললেন, আমি একমাত্র আল্লাহরই প্রশংসা করব, অন্য কারো প্রশংসা নয়।