বুখারী শরীফ - হাদীস নং ৩,৫০৪
তিনি বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাদীয়া প্রদানের জন্য আয়িশা (রাঃ) এর গৃহে তাঁর অবস্থানের দিন তালাশ করতেন। আয়িশা (রাঃ) বলেন, একদিন আমার সতীনগণ উম্মে সালামা (রাঃ) এর নিকট সমবেত হয়ে বললেন, হে উম্মে সালামা। আল্লাহর কসম, লোকজন তাদের হাদীয়াসমূহ প্রেরণের জন্য আয়িশা (রাঃ) এর গৃহে অবস্থানের দিন তালাশ করেন। আয়িশা (রাঃ) এর ন্যায় আমরাও কল্যাণ আকাঙ্ক্ষা করি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলুন, তিনি যেন লোকদের বলে দেন, তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যেখানেই অবস্থান করেন সেখানেই তারা হাদীয়া পাঠিয়ে দেন। উম্মে সালামা (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এ বিষয়ে আলোচনা করলেন। উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে মুখ ফিরিয়ে নিলেন। পরে আমার গৃহে অবস্থানের জন্য পুনরায় আসলে আমি ঐ কথা তাঁকে বলি। এবারও তিনি মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বারেও আমি ঐ কথা তাঁকে বললাম, তিনি বললেন, হে উম্মে সালামা! আয়িশা (রাঃ) এর ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিবে না। আল্লাহর কসম, তোমাদের মধ্যে আয়িশা (রাঃ) ব্যতীত অন্য কারো শয্যায় শায়িত অবস্থায় আমার উপর ওহী নাযিল হয়নি।