Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩৭০

প্রায় ২ মিনিট · ২৮৪ শব্দ

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَلَمْ يَرَ الْحَسَنُ بَأْسًا أَنْ يُصَلَّى عَلَى الْجَمْدِ وَالْقَنَاطِرِ، وَإِنْ جَرَى تَحْتَهَا بَوْلٌ أَوْ فَوْقَهَا أَوْ أَمَامَهَا، إِذَا كَانَ بَيْنَهُمَا سُتْرَةٌ. وَصَلَّى أَبُو هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ بِصَلاَةِ الإِمَامِ. وَصَلَّى ابْنُ عُمَرَ عَلَى الثَّلْجِ আবূ ’আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেনঃ হাসান বসরী (রহঃ) বরফ ও পুলের উপর সালাত আদায় করা দূষণীয় মনে করতেন না–যদিও তার নীচ দিয়ে, উপর দিয়ে অথবা সামনের দিক দিয়ে পেশাব প্রবাহিত হয়; যদি উভয় মাঝে কোন ব্যবধান থাকে। আবূ হুরায়ারা (রাঃ) মসজিদের ছাদে ইমামের সাথে সালাত আদায় করেছিলেন। ইবন ’উমর (রাঃ) বরফের উপর সালাত আদায় করেছেন। ৩৭০। আলী ইবনু ’আবদুল্লাহ (রহঃ) ..... আবূ হাযিম (রহঃ) থেকে বর্ণিত যে, লোকেরা সাহল ইবনু সা’দ (রাঃ)-কে জিজ্ঞাসা করলঃ (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর) মিম্বর কিসের তৈরি ছিল? তিনি বললেনঃ এ বিষয়ে আমার চাইতে জ্ঞাত আর কেউ নেই। তা ছিল গাবা নামক স্থানের ঝাউগাছের কাঠ দিয়ে তৈরী। অমুক মহিলার আযাদকৃত দাস অমুক ব্যাক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তা তৈরী করেছিলেন। তা পুরোপুরি তৈরী ও স্থাপিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উপর দাড়িয়ে কিবলার দিকে মুখ করে তাকবীর বললেন। লোকেরা তাঁর পেছনে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি কিরাআত পড়লেন ও রুকূতে গেলেন। সকলেই তাঁর পেছনে রুকূতে গেলেন। তারপর তিনি মাথা তুলে পেছনে সরে গিয়ে মাটিতে সিজদা করলেন। এ হল মিম্বরের ইতিহাস। আবূ ’আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেনঃ ’আলী ইবনু ’আবদুল্লাহ (রহঃ) বলেছেন যে, আমাকে আহমদ ইবনু হাম্বল (রহঃ) এ হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেনঃ আমার ধারনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উঁচু স্থানে ছিলেন। সুতরাং ইমামের মুক্তাদীরের চাইতে উঁচু স্থানে দাঁড়ানোতে কোন দোষ নেই। ’আলী ইবনু ’আবদুল্লাহ (রহঃ) বলেনঃ আমি আহমদ ইবনু হাম্বল (রহঃ)-কে বললামঃ সুফিয়ান ইবনু ’উয়ায়না (রহঃ)-কে এ বিষয়ে বহুবার প্রশ্ন করা হয়েছে, আপনি তাঁর কাছে এ বিষয়ে কিছু শোনেন নি? তিনি জবাব দিলেনঃ না।

ছবি বানান