বুখারী শরীফ - হাদীস নং ৩,৭৬৭
তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছেড়ে যেতে আরম্ভ করলেও আবূ তালহা (রাঃ) ঢাল হাতে দাঁড়িয়ে তাঁকে আড়াল করে রাখলেন। আবূ তালহা (রাঃ) ছিলেন সুদক্ষ তীরন্দাজ, ধনুক খুব জোরে টেনে তিনি তীর ছুঁড়তেন। সেদিন (উহুদ যুদ্ধে) তিনি দু’টি অথবা তিনটি ধনুক ভেঙ্গেছিলেন। সেদিন যে কেউ ভরা তীরদানী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তাকেই তিনি বলেছেন, তীরগুলো খুলে আবূ তালহার সামনে দেখে দাও। বর্ণনাকারী আনাস (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে যখনই শত্রুদের প্রতি তাকাতেন, তখনই আবূ তালহা (রাঃ) বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি মাথা উঁচু করবেন না। হঠাৎ তাদের নিক্ষিপ্ত তীর আপনার শরীরে লেগে যেতে পারে। আপনার বক্ষ রক্ষা করার জন্য আমার বক্ষই রয়েছে (অর্থাৎ আপনার জন্য আমার জীবন কুরবান)। [আনাস (রাঃ) বলেন] সেদিন আমি আয়িশা বিনত আবূ বকর এবং উম্মে সুলায়ম (রাঃ) কে দেখেছি, তাঁরা উভয়েই পায়ের কাপড় গুটিয়ে নিয়েছিলেন। আমি তাঁদের পায়ের তলা দেখতে পেয়েছি। তারা মশক ভরে পিঠে বহন করে পানি আনতেন এবং (আহত) লোকদের মুখে ঢেলে দিতেন। আবার চলে যেতেন এবং মশক ভরে পানি এনে লোকেদের মুখে ঢেলে দিতেন। সেদিন আবূ তালহা (রাঃ) এর হাত দু’বার অথবা তিনবার তরবারিটি পড়ে গিয়েছিল।