Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৮২৪

প্রায় ২ মিনিট · ২৯৬ শব্দ

অনুচ্ছেদঃ যাতুর রিকার যুদ্ধ। গাতফানের শাখা গোত্র বনু সালাবার অন্তরগত খাসাফার বংশধর মুহারিব গোত্রের সাথে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে রাসূলুল্লাহ (সা.) নাখল নামক স্থানে অবতরন করেছিলেন। খায়বার যুদ্ধের পর এ যুদ্ধ সংঘটিত হয়েছিল। কেননা আবূ মুসা (রা.) খায়বার যুদ্ধের পর (হাবশা থেকে) এসেছিলেন। আবদুল্লাহ ইবন রাজা (র.).... জাবির ইবন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত যে, নবী (সা.) সপ্তম যুদ্ধ তথা যাতুর রিকার যুদ্ধে তার সাহাবীগণকে নিয়ে সালাতুল খাওফ আদায় করেছেন। ইবন আব্বাস (র.) বলেছেন, নবী (সা.) যূকারাদের যুদ্ধে সালাতুল খাওফ আদায় করেছেন। বকর ইবন সাওয়াদা (র.)... জাবির (রা.) থেকে বর্ণিত যে মুহারিব ও সালাবা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার সময় নবী (সা.) সাহাবীগণকে সাথে নিয়ে সালাতুল খাওফ আদায় করেছেন। ইবন ইসহাক (র.)... জাবির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন নবী (সা.) নাখল নামক স্থান থেকে যাতুর রিকাব উদ্দেশ্যে রওয়ানা হয়ে গাতফান গোত্রের একটি দলের সম্মুখীন হন। কিন্তু সেখানে কোন যুদ্ধ সংঘটিত হয়নি। উভয় পক্ষ পরস্পর ভীতি প্রদর্শন করেছিল মাত্র। তখন নবী (সা.) দু'রাকাত সালাতুল খাওফ আদায় করেন। ইয়াযীদ (র.) সালামা (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (সা.) এর সাথে যূকারাদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ৩৮২৪। মুহাম্মদ ইবনু আ’লা (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক যুদ্ধে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রওয়ানা করলাম। আমরা ছিলাম ছয়জন। আমাদের একটি মাত্র উট ছিল। পালাক্রমে আমরা এর পিঠে আরোহণ করতাম। (হেঁটে হেঁটে) আমাদের পা ফেটে যায়। আমার পা দুখানাও ফেটে গেল, খসে পড়ল নখগুলো। এ কারণে আমরা আমাদের পায়ে নেকড়া জড়িয়ে বাঁধলাম। এ জন্য এ যুদ্ধকে যাতুর রিকা যুদ্ধ বলা হয়। কেননা আমরা আমাদের পায়ে নেকড়া দ্বারা পট্টি বেঁধেছিলাম। আবূ মূসা (রাঃ) উক্ত ঘটনা বর্ণনা করেছেন। পরবর্তীতে তিনি এ ঘটনা বর্ণনা করাকে অপছন্দ করেন। তিনি বলেন, আমি এভাবে বর্ণনা করাকে ভাল মনে করি না। সম্ভবতঃ তিনি তার কোন আমল প্রকাশ করাকে অপছন্দ করতেন। হাদিস নং - ৪১২৫, ৪১২৬, ৪১২৭ ও ৪১২৮

ছবি বানান