Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৮৭৩

প্রায় ২ মিনিট · ২৭১ শব্দ

তিনি বলেন, লোকজন বলে থাকে যে, ইবনু উমর (রাঃ) উমর (রাঃ) এর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। অথচ ব্যাপারটি এমন নয়। তবে (মূল ঘটনা ছিল এই যে) হুদায়বিয়ার দিন উমর (রাঃ) (তাঁর পুত্র) আবদুল্লাহ (রাঃ) কে এক আনসারী সাহাবার কাছে রাখা তাঁর ঘোড়াটি আনার জন্য পাঠিয়েছিলেন, যাতে তিনি এর উপর আরোহণ করে লড়াই করতে পারেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের কাছে (লোকদের) বায়াত গ্রহণ করছিলেন। বিষয়টি উমর (রাঃ) জানতেন না। আবদুল্লাহ (রাঃ) তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করে পরে ঘোড়াটি আনার জন্য গেলেন এবং ঘোড়াটি নিয়ে উমর (রাঃ) এর কাছে আসলেন। এ সময় উমর (রাঃ) যুদ্ধের পোশাক পরিধান করছিলেন। তখন আবদুল্লাহ (রাঃ) তাঁকে জানালেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বায়াত গ্রহণ করেছেন। বর্ণনাকারী বলেন, তখন উমর (রাঃ) তাঁর [আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)] এর সাথে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করলেন। এ ঘটনার প্রেক্ষিতেই লোকেরা এ কথা বলাবলি করছিল যে, ইবনু উমর (রাঃ) উমর (রাঃ) এর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। (অন্য সনদে) হিশাম ইবনু আম্মার (রহঃ) ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, হুদায়বিয়ার সন্ধির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যে লোকজন ছিলেন তাঁরা সকলেই ছায়া লাভের জন্য বিচ্ছিন্নভাবে বিভিন্ন বৃক্ষের ছায়াতলে আশ্রয় নিলেন। একসময় তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘিরে দাঁড়ালে উমর (রাঃ) তাঁর পুত্র আবদুল্লাহ (রাঃ) কে বললেন, হে আবদুল্লাহ! দেখতো মানুষের কি হয়েছে? তাঁরা এভাবে ভিড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘিরে দাঁড়িয়ে আছে কেন? ইবনু উমর (রাঃ) দেখতে পেলেন যে, তাঁরা বায়াত গ্রহণ করছেন। তাই তিনিও বায়াত গ্রহণ করলেন। এরপর উমর (রাঃ) এর কাছে ফিরে গিয়ে বললেন। তিনিও রাওয়ানা করে এসে বায়াত গ্রহণ করলেন।

ছবি বানান