বুখারী শরীফ - হাদীস নং ৩,৮৯৪
তিনি বলেন, চক্ষু রোগে আক্রান্ত থাকার দরুণ আলী (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে খায়বার অভিযানে পেছনে ছিলেন। [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওয়ানা দিয়ে এসে পড়লে] আলী (রাঃ) বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে (যুদ্ধে অংশগ্রহণ না করে) আমি পেছনে বসে থাকবো! সুতরাং তিনি গিয়ে তাঁর সাথে মিলিত হলেন। [সালমা (রাঃ) বলেন] খায়বার বিজিত হওয়ার পূর্ব রাতে তিনি [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন, আগামী কাল সকালে আমি এমন একজন ব্যাক্তির হাতে ঝান্ডা অর্পন করব অথবা তিনি বলেছিলেন, আগামীকাল সকালে এমন এক ব্যাক্তি ঝান্ডা গ্রহণ করবে যাকে আল্লাহ ও তাঁর রাসূল ভালোবাসেন। আর তাঁর হাতেই খায়বার বিজিত হবে। কাজেই আমরা সবাই তা পাওয়ার আকাংক্ষা করছিলাম। তখন বলা হল, ইনি তো আলী (রাঃ)! এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ঝান্ডা প্রদান করলেন এবং তাঁর হাতেই খায়বার বিজিত হল।