Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,০৩১

প্রায় ৩ মিনিট · ৩৫৩ শব্দ

ইয়াহ্ইয়া ইবনু সুলায়মান ও বকর ইবনু মুদার (রহঃ) ... বুকাইর (রাঃ) থেকে বর্নিত, (তিনি বলেন), ইবনু আব্বাস (রাঃ) এর আযাদকৃত গোলাম কু্রাইব (রহঃ) তাকে বর্ননা করেছেন, ইবনু আব্বাস, আবদুর রহমান ইবনু আযহার এবং মিসওয়ার ইবনু মাখরামা (রহঃ) (এ তিনজনে) আমাকে আয়িশা (রাঃ) এর কাছে পাঠিয়ে বললেন, তাঁকে আমাদের সবার পক্ষ থেকে সালাম জানাবে। এবং তাঁকে আসরের পরের দু’রাকাত সালাত (নামায/নামাজ) সম্পর্কে জিজ্ঞাসা করবে। কারন আমরা অবহিত হয়েছি যে, আপনি নাকি এই দু’রাকাত সালাত আদায় করেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু’রাকাত সালাত আদায় করতে নিষেধ করেছেন- এ হাদীসও আমাদের কাছে পৌঁছেছে। ইবনু আব্বাস (রাঃ) বলেন, আমি উমর (রাঃ) সহ এ দু’রাকাত সালাত আদায়কারী লোকদেরকে প্রহার করতাম। কুরায়ব (রহঃ) বলেন, আমি তাঁর [আয়িশা (রাঃ)] কাছে গেলাম এবং আমাকে যে ব্যাপারে পাঠিয়েছেন তা জানালাম। তিনি বললেন, বিষয়টি উম্মে সালমা (রাঃ) এর কাছে জিজ্ঞাসা কর। এরপর আমি তাঁদেরকে [আয়িশা (রাঃ) এর জবাবের কথা] জানালে তাঁরা আবার আমাকে উম্মে সালমা (রাঃ) এর কাছে পাঠালেন এবং আয়িশা (রাঃ) এর কাছে যা বলতে বলেছিলেন সেসব কথা তাঁর কাছেও গিয়ে বলতে বললেন। তখন উম্মে সালমা (রাঃ) বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে, তিনি দু’রাকাত সালাত (নামায/নামাজ) আদায় করা থেকে নিষেধ করেছেন। কিন্তু একদিন তিনি আসরের সালাত (নামায/নামাজ) আদায় করে আমার ঘরে প্রবেশ করলেন। এ সময় আমার কাছে ছিল আনসারদের বনী হারাম গোত্রের কতিপয় মহিলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’রাকাত সালাত (নামায/নামাজ) আদায় করলেন। আমি তা দেখে খাদীমা কে পাঠিয়ে বললাম, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে গিয়ে দাঁড়াবে এবং বলবে, ’’উম্মে সালমা (রাঃ) আপনাকে এ কথা বলেছেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কি আপনাকে এ দু’রাকাত আদায় করা থেকে নিষেধ করতে শুনিনি? অথচ দেখতে পাচ্ছি, আপনি সেই দু’রাকাত আদায় করছেন।এরপর যদি তিনি হাত দিয়ে ইশারা করেন তাহলে পিছনে সরে যাবে। খাদীমা গিয়ে (সেভাবে কথাটি) বলল। তিনি হাত দিয়ে ইশারা করলেন। খাদীমা পেছনের দিকে সরে গেল। এরপর সালাত (নামায/নামাজ) সেরে তিনি বললেন, হে আবূ উমাইয়ার কন্যা! (উম্মে সালমা) তুমি আমাকে আসরের পরের দু’রাকাত সালাত (নামায/নামাজ)-এর কথা জিজ্ঞাসা করছ। আসলে আজ আবদুল কায়স গোত্র থেকে তাদের কয়েকজন লোক আমার কাছে ইসলাম গ্রহন করতে এসেছিল। তাঁরা আমাকে ব্যাস্ত রাখার কারনে যুহরের পরের দু’রাকাত সালাত (নামায/নামাজ) আদায় করার সুযোগ আমার হয়নি। আর সেই দু’রাকাত হল এ দু’রাকাত সালাত (নামায/নামাজ)।

ছবি বানান