বুখারী শরীফ - হাদীস নং ৪,১০৫
তিনি বলেন, আবূ বকর (রাঃ) ঘোড়ার ওপর সওয়ার হয়ে তার সুনহের বাড়ি থেকে আগমন করেন। ঘোড়া থেকে অবতরন করে তিনি মসজিদে নববীতে প্রবেশ করেন, কিন্তু কারও সঙ্গে কোনো কথা না বলে সোজা আয়িশা (রাঃ) এর কাছে উপস্থিত হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামনী চাঁদর দ্বারা আবৃত ছিলেন। তখন তিনি চেহারা হতে কাপড় হটিয়ে তাঁর ওপর ঝুঁকে পড়েন এবং তাঁকে চুমু দেন ও কেঁদে ফেললেন। তারপর বললেন, আমার মাতাপিতা আপনার প্রতি কুরবান হোক! আল্লাহর কসম আল্লাহ তো আপনাকে দু’বার মৃত্যু দিবেন না, যে মৃত্যু ছিলো আপনার জন্য নির্ধারিত সে মৃত্যু আপনি গ্রহন করে নিলেন। ইমাম যুহরী (রহঃ) বলেন, আমাকে আবূ সালামা (রাঃ) আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন, আবূ বকর (রাঃ) বের হয়ে আসেন তখন উমর (রাঃ) লোকজনের সাথে কথা বলছিলেন। এ সময় আবূ বকর (রাঃ) তাঁকে বলেন, হে উমর বসে পড়। উমর (রাঃ) বসতে অস্বীকার করলেন। তখন সাহাবীগণ উমর (রাঃ) কে ছেড়ে আবূ বকর (রাঃ) এর প্রতি মনোনিবেশ করলেন। তখন আবূ বকর (রাঃ) ভাষণ দিলেন- “এরপর আপনাদের মধ্যে যারা মুহাম্মদ এর ইবাদত করতেন, তিনি তো ইন্তেকাল করেছেন। আর যারা আপনাদের মধ্যে আল্লাহর ইবাদত করতেন (জেনে রাখুন) আল্লাহ চিরঞ্জীব, চির অমর। মহান আল্লাহ্ বলেন,وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ মুহাম্মদ একজন রাসূল মাত্র, তাঁর পূর্বে বহু রাসূল গত হয়েছেন। ... ...কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন (৩ঃ ১৪৪) ইবনু আব্বাস (রাঃ) বলেন, আল্লাহর কসম, আবূ বকর (রাঃ) এর পাঠ করার পূর্বে লোকেরা যেন জানতো না যে আল্লাহ্ তা’আলা এরূপ আয়াত নাযিল করেছেন। এরপর সমস্ত সাহাবী তাঁর থেকে উক্ত আয়াত শিখে নিলেন। তখন সকালে উক্ত আয়াত তিলাওয়াত করতে লাগলেন। আমাকে সাঈদ ইবনু মূসাইয়্যাব (রহঃ) অবহিত করেন যে, উমর (রাঃ) বলেছেন, আল্লাহর কসম, আমি যখন আবূ বকর (রাঃ) কে উক্ত আয়াত তিলাওয়াত করতে শুনলাম, তখন হতভম্ব হয়ে গেলাম, এবং আমার পা দু’টি যেন আমাকে আর বহন করতে পারছিল না, আমি জমীনের ওপর পড়ে গেলাম। যখন আমি শুনতে পেলাম যে, তিনি তিলাওয়াত করছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হাদিস নং - ৪৪৫২, ৪৪৫৩ ও ৪৪৫৪