Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,৮৮১

প্রায় ৩ মিনিট · ৩০৯ শব্দ

উওয়াইমির আজলানী (রাঃ) আসেম ইবনু আদী আনসারী (রাঃ) এর নিকট এলে তাকে বললেনঃ হে আসিম! যদি কোন ব্যাক্তি তার স্ত্রীর সাথে আর কোন পুরুষকে (ব্যাভিচার-এ রত) দেখতে পায় এবং সে তাকে হত্যা করে ফেলে তবে কি তোমরা তাকে হত্যা করবে? (আর যদি হত্যা না করে) তবে তাকে কি করবে? হে আসিম! আমার পক্ষ থেকে এ ব্যাপারে তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা কর। আসিম (রাঃ) এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের জিজ্ঞাসাকে অপছন্দনীয় এবং দূষনীয় মনে করলেন। এমন কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি শুনে আসিম (রাঃ) ঘাবড়ে গেলেন। এরপর আসিম (রাঃ) স্বীয় গৃহে প্রত্যাবর্তন করলে উওয়াইমির (রাঃ) এসে বললেনঃ হে আসিম! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি জবাব দিলেন? আসিম (রাঃ) বললেনঃ তুমি কল্যাণকর কিছু নিয়ে আমার কাছে আসনি। তোমার জিজ্ঞাসিত বিষয়কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পছন্দ করেছেন। উওয়াইমির (রাঃ) বললেনঃ আল্লাহর কসম! (উত্তর না পাওয়া পর্যন্ত) এ বিষয়ে আমি তাঁকে জিজ্ঞাসা করতেই থাকব। উওয়হিমির (রাঃ) এসে লোকদের মাঝে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেলেন এবং বললেনঃ হে আল্লাহর রাসুল! যদি কেউ তার স্ত্রীর সাথে পরপুরুষকে (ব্যাভিচার-এ রত) দেখতে পায়। আর তাকে হত্যা করে ফেলে তবে আপনারা কি তাকে হত্যা করবেন? আর যদি সে (স্বামী) হত্যা না করে, তবে কি করবে? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ও তোমার স্ত্রীর ব্যাপারে আয়াত অবর্তীর্ন হয়েছে। সুতরাং তুমি গিয়ে তাঁকে (তোমার পত্নীকে) নিয়ে আস! সাহল (রাঃ) বলেন, এরপর তারা দু-জনে লি’আন করলো। আমি সে সময় (অন্যান্য) লোকের সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ছিলাম। উভয়ের লিআন করা হয়ে গেলে উওয়াইমির (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! এখন যদি আমি তাকে (স্ত্রীকে) রাখি তবে এটা তার উপর মিথ্যারোপ করা হবে। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দেওয়ার পূর্বেই তিনি তার স্ত্রীকে তিন তালাক দিলেন। ইবনু শিহাব (রহঃ) বলেন, পরবর্তীতে লিআনকারীদের পন্থা হল ঐ বিচ্ছিন্নতা।

ছবি বানান