বুখারী শরীফ - হাদীস নং ৬,৭৮৪
তিনি বলেন, একদল ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আগমন করলেন। তিনি তখন ঘুমন্ত ছিলেন। একজন ফেরেশতা বললেন, তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিদ্রিত। অপর একজন বললেন, চক্ষু নিদ্রিত বটে, কিন্তু অন্তর জাগ্রত। তখন তারা বললেন, তোমাদের এ সাথীর একটি উপমা আছে সুতরাং তার উপমাটি তোমরা বর্ণনা কর। তখন তাদের কেউ বলল, তিনি তো নিদ্রিত, আর কেউ বলল, চক্ষু নিদ্রিত তবে অন্তরাত্মা জাগ্রত। তখন তারা বলল, তাঁর উপমা হল সেই ব্যাক্তির মত, যে একটি গৃহ নির্মান করল। তারপর সেখানে খাওয়া-দাওয়ার আয়োজন করল এবং একজন আহবানকারীকে (লোকদের ডাকতে) পাঠাল। যারা আহবানকারীর আহবানে সাড়া দিল, তারা গৃহে প্রবেশ করে খানা খাওয়ার সুযোগ লাভ করল। আর যারা আহবানকারীর আহবানে সাড়া দিল না, তারা গৃহেও প্রবেশ করতে পারল না এবং খানাও খেতে পারল না। তখন তারা বললেনঃ উপমাটির ব্যাখ্যা করুন, যাতে তিনি বুঝতে পারেন। তখন কেউ বলল, তিনি তো নিদ্রিত, আর কেউ বলল, চক্ষু নিদ্রিত, তবে অন্তরাত্তা জড়িত। তখন তারা বললেন, গৃহটি হল জান্নাত, আহবানকারী হলেন মুহাম্মাদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করল, তারা আল্লাহর আনুগত্য করল। আর যারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবাধ্যতা করল, তারা প্রকৃতপক্ষে আল্লাহরই অবাধ্যতা করল। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মাঝে পার্থক্যের মানদণ্ড। কুতায়বা জাবির (রাঃ) থেকে অনুরূপ হাদীসটি বর্ণনা করেছেন, তবে তিনি 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন' এই বাক্যটি বলছেন।