বুখারী শরীফ - হাদীস নং ৭৬৮
তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে যান। কোন কোন সময় সুফিয়ান (রহঃ) হাদীস বর্ণনা করার সময় عَنْ فَرَسٍ শব্দের স্থলে مِنْ فَرَسٍ বলতেন। ফলে তাঁর ডান পাঁজর আহত হয়ে পড়ে। আমরা তাঁর শুশ্রুষা করার জন্য সেখানে গেলাম। এ সময় সালাতের ওয়াক্ত হল। তিনি আমাদের নিয়ে বসে সালাত আদায় করলেন, আমরাও বসেই আদায় করলাম। সুফিয়ান (রহঃ) আর একবার বলেছেন, আমরা বসে সালাত আদায় করলাম। সালাত (নামায/নামাজ)-এর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ইমান নির্ধারণ করা হয় তাঁকে ইকতিদা করার জন্য। তিনি যখন তাকবীর বলেন, তখন তোমরাও তাকবীর বলবে, তিনি যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলবে, তখন তোমরা رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলবে। তিনি যখন সিজদা করেন, তখন তোমরাও সিজদা করবে। সুফিয়ান (রহঃ) বলেন, মা’মারও কি এরূপ বর্ণনা করেছেন? (আলী (রহঃ) বলেন) আমি বললাম, হ্যাঁ। সুফিয়ান (রহঃ) বলেন, তিনি সঠিক স্মরণ রেখেছেন, এরূপই যুহরী (রহঃ) وَلَكَ الْحَمْدُ বর্ণনা করেছেন। সুফিয়ান (রহঃ) বলেন, (যুহরীর কাছ থেকে) ডান পাঁজর যখম হওয়ার কথা মুখস্থ করেছিলাম। কিন্তু যখন তাঁর কাছ থেকে বেরিয়ে আসলাম, তখন ইবনু জুরায়জ (রহঃ) বললেন, আমিও তাঁর কাছে ছিলাম। (তিনি বলেছেন,) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান পায়ের নলা যখম হয়েছিল।