মুসলিম শরীফ - হাদীস নং ১,০৭৪
তারা বলেন, আমরা দু’জনে আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ)-এর বাসগৃহে উপস্থিত হলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের পিছনে যারা রয়েছে (অর্থাৎ শাসকগণ) তারা কি সালাত (নামায/নামাজ) আদায় করেছেন? আমরা বললাম, না। তিনি বললেন, তাহলে ওঠ এবং সালাত আদায় কর (কেননা, সালাতের ওয়াক্ত হয়ে গেছে এবং আমীর ও শাসকদের অপেক্ষায় সালাত আদায়ে বিলম্ব করা যায় না) তিনি আমাদের আযান ও ইকামাতের আদেশ দিলেন না। আমরা তাঁর পিছনে দাঁড়াতে চাইলাম, তিনি আমাদের এক জনকে হাত ধরে ডান দিকে এনে দাঁড় করালেন এবং অন্য জনকে বাম দিকে। যখন তিনি রুকু করলেন, আমরা আমাদের দুই হাত হাটূর উপর রাখলাম। তিনি আমাদের হাত ধরে এবং হাতের দুই তালু জোড় করে দুই উরুর মাঝখানে রাখলেন। সালাত শেষে বললেন, অচিরেই তোমাদের মধ্যে এমন এমন অমীরের আবির্ভাব ঘটবে যারা সালাতকে তার ওয়াক্ত হতে দেরী করে পড়বেন এবং (আসরের) সালাতকে এরূপ দেরী করে পড়বে যে, সূর্য অস্ত যাওয়ার উপক্রম হবে। অতএব, তোমরা যখন তাদের এরুপ করতে দেখবে তখন তোমরাও ওয়াক্তের ভিতরে সালাত আদায় করে নিবে। তারপর তাঁদের সাথে দ্বিতীয়বার নফল হিসাবে পড়বে। আর তোমরা যখন তিনজন হবে, তখন সবাই মিলে সালাত আদায় করবে (অর্থাৎ সবাই এক কাতারে দাঁড়াবে এবং ইমাম মাঝখানে থাকবে)। যখন তিনের অধিক হবে, তখন একজনকে ইমাম বানিয়ে নিবে (এবং তিনি সামনে দাঁড়াবেন)। আর যখন রুকু করবে, তখন দুই হাত উরুর উপর রেখে ঝুঁকে পড়বে এবং দুই হাতের তালূ জোড় করে (দুই উরুর মাঝে) রাখবে আমি যেন এখনও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গূলের ফাঁকে ঢুকতে দেখতে পাচ্ছি। এই বলে তাদের দেখালেন।