মুসলিম শরীফ - হাদীস নং ১,১৬১
তিনি বলেন, আলকামা আমাদেরকে নিয়ে যুহরের সালাত পাঁচ রাকআত আদায় করলেন। যখন সালাম ফিরালেন, তখন লোকেরা বলল, হে আবূ শিবল (আলকামার কুনিয়াত)! আপনি পাঁচ রাকআত পড়েছেন। তিনি বললেন, কক্ষণও নয়। আমি (ঐরূপ) করি নি। তারা বলল, অবশ্যই (আপনি পাঁচ রাকআত পড়েছেন)। বর্ণনাকারী সুওয়ায়দ বলেন, আমি তাদের এক পার্শ্বে ছিলাম। তখন আমি ছেলে মানুষ! আমি বললাম, হ্যাঁ। তখন তিনি ফিরলেন এবং দুটি সিজদা করে সালাম ফিরালেন। তারপর বললেন, আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের নিয়ে পাঁচ রাক’আত সালাত আদায় করলেন। যখন সালাত শেষ করলেন লোকেরা ফিসফিস করতে লাগল। তিনি বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, ইয়া রাসুলাল্লাহ! সালাত কি বৃদ্ধি পেয়েছে? তিনি বললেন, না। তারা বলল, আপনি পাঁচ রাকআত পড়েছেন। তখন তিনি ঘূরে বসলেন এবং সিজদা করে সালাম ফিরালেন। তারপর বললেন, আমি তোমাদরই মত একজন মানুষ। তোমরা যে রূপ ভুলে যাও, আমিও তদ্রুপ ভুলে যাই। ইবনু নুমায়রের বর্ণনায় এটুকু বেশী আছে অতএব, তোমাদের কেউ যখন ভুলে যাবে, তখন দুটি সিজদা করবে।