মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৬২
তিনি তাঁর খালা উম্মুল মুমিনীন মায়মুনা (রাঃ) এর কাছে একবার রাত্রি যাপন করেন। তিনি বলেন, আমি বিছানার প্রস্থে শয়ন করলাম এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী (মায়মুনা) শয়ন করলেন তার দৈর্ঘে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাতের অর্ধেক হলে অথবা তার কিছু আগে বা কিছু পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন এবং নিজের হাতে তাঁর চেহারা মুবারক থেকে ঘুমের আমেজ মুছতে লাগলেন। তারপর সূরা আলে ইমরালের শেষ দশ আয়াত পড়লেন। তারপর একটি লটকিয়ে রাখা মাশকের কাছে গিয়ে তাঁর থেকে উযূ (ওজু/অজু/অযু) করলেন এবং উত্তমরুপে উযূ করলেন। তারপর দাঁড়িয়ে সালাত শুরু করলেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন, আমিও উঠে তেমনই করলাম যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। পরে আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত আমার মাথায় রাখলেন এবং আমার কান ধরে তা মলতে লাগলেন। তখন তিনি দু’রাকআত সালাত আদায় করলেন, তারপর দু’ রাকআত তারপর দু’ রাকআত তারপর দু’ রাকআত তারপর দু’ রাকআত তারপর বিতর আদায় করলেন। তারপর শুয়ে পড়লেন। অবশেষে মুয়াযযিন তাঁর নিকটে এলেন। তিনি উঠে সংক্ষিপ্ত দু-রাকআত সালাত (ফজরের সুন্নাত) আদায় করলেন। এরপর বের হয়ে ফজরের সালাত আদায় করলেন।