মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৩২
উসায়দ ইবনু হুযায়র (রাঃ) যখন তাঁর আস্তাবলে তিলাওয়াত করছিলেন, তখন হঠাৎ তার ঘোড়াটি অস্থিরতা প্রকাশ করতে লাগল। তিনি আবার তিলাওয়াত করলে ঘোড়া আবার অস্থির হয়ে উঠল। তিনি পূনরায় তিলাওয়াত করলে ঘোড়াটি আবারও অস্থিরতা প্রকাশ করতে লাগল। উসায়দ (রাঃ) বলেন, আমার এখন আশংকা হল যে, ঘোড়া (ওখানে কাছেই শুয়ে থাকা আমার পূত্র) ইয়াহয়াকে মাড়িয়ে দিতে পারে তাই আমি উঠে তার (ঘোড়ার) কাছে গেলাম। তখন দেখলাম যে, আমার মাথার উপরে একটি প্রদীপের মত কিছু, যার মাঝে প্রদীপের ন্যায় কিছু শূন্যে লটকে রয়েছে। পরে আমি তা আর দেখলাম না। উসায়দ (রাঃ) বলেন, সকালে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললাম, ইয়া রাসুলাল্লাহ! গত মাঝরাতে যখন আমি আমার আস্তাবলে তিলাওয়াত করছিলাম, হঠাৎ আমার ঘোড়া অস্থির হয়ে উঠল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনু হুযায়র! পাঠ করতে থাকতে, তিনি বললেন, আমি পাঠ করতে থাকলাম, সে আবার অস্থির হয়ে উঠল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনু হুযায়র! পাঠ করতে থাকতে, তিনি বলেন, আমি আবার পাঠ করতে থাকলাম, ঘোড়াটি আবারো অস্থির হয়ে উঠল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনু হুযায়র! তুমি পাঠ করতে থাকতে! ইবনু হুযায়র (রাঃ) বলেন, তখন আমি পাঠ সমাপন করলাম। (আমার ছেলে) ইয়াহয়া ছিল ঘোড়াটির কাছে। তাই আমার আশংকা হল যে, সে তাকে মাড়িয়ে দিতে পারে। আমি তখন দেখলাম একটি চাঁদোয়ার মত যার নিচে যেন অনেক প্রদীপ ঝূলে রয়েছে। পরে আর তা দেখতে পেলাম না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এরা ছিলেন ফিরিশতা। তারা তোমার তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনছিল। তুমি যদি তিলাওয়াত করতে থাকতে তবে তারা সকাল পর্যন্ত থেমে যেত এবং লোকেরা তা দেখতে পেত তাঁরা তাদের নিকট হতে আত্মগোপন করত না।